অল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রশ্মিকা মন্দানা কত পাচ্ছেন? ছবি: সংগৃহীত।
‘রাকা’ ছবির প্রথম ঝলক সাড়া ফেলেছে। অল্লু অর্জুনের ৪৪ বছরের জন্মদিনে প্রকাশ হয়েছে এই ঝলক। ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও রশ্মিকা মন্দানাও। প্রথম ঝলকের পরে এ বার জানা গেল ছবিতে কে কত পারিশ্রমিক পাচ্ছেন।
জানা যাচ্ছে, ‘রাকা’ তৈরি হচ্ছে ৭০০ কোটি টাকার বাজেটে। ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করছেন অর্জুন। এক দিকে তাঁকে দেখা যাবে পুলিশের চরিত্রে। সেই পুলিশের ভাই অর্ধেক মানুষ, অর্ধেক দৈত্য। সেই চরিত্রেও অর্জুনই অভিনয় করছেন। এই দুই ভাইয়ের বাবার চরিত্রেও রয়েছেন অর্জুন। একই ছবিতে তিনটি ভিন্ন চরিত্র। তাই পারিশ্রমিকও নিচ্ছেন আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ১৭৫ কোটি টাকা পাচ্ছেন দক্ষিণী তারকা।
দীপিকা যা পারিশ্রমিক পাচ্ছেন, তার সাত গুণ বেশি পাচ্ছেন অর্জুন। অভিনেত্রী এই ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। রশ্মিকা পাচ্ছেন ৫ কোটি টাকা।
‘রাকা’ ছবির প্রথম ঝলকে অর্জুনের মুখের একটা অংশ দেখা যাচ্ছে। তাঁর চোখে ঘন কাজল। লোমশ হাতে পশুদের মতো বড় বড় নখ। অর্জুনের এই বেশ দেখে শিউরে উঠছেন তাঁর অনুরাগীরা।
ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। পরবর্তী শুটিং মুম্বইয়ে হবে বলে জানা যাচ্ছে। শুটিং নির্দিষ্ট সময়ে শেষ হলে, ২০২৬-এর শেষের দিকে ‘রাকা’ মুক্তি পাওয়ার কথা। অ্যাটলি পরিচালিত এই ছবিতে অর্জুন, দীপিকা ও রশ্মিকা ছাড়াও জাহ্নবী কপূর ও মৃণাল ঠাকুরকে দেখা যেতে পারে।