রুপোলি পর্দায় অনুষ্কা শর্মার প্রত্যাবর্তন ঘটবে কি? ছবি: সংগৃহীত।
দীর্ঘ বিরতির অবসান হল? অবশেষে কি আশায় বুক বাঁধছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ভক্তেরা? অন্তত তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে টিনসেল টাউনে কান পাতলে। সেই গুঞ্জন বলছে, খুব শীঘ্রই এক বিগবাজেট ছবিতে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। একই ছবিতে কাজ করবেন দীপিকা পাড়ুকোনও।
সিনেমার নাম ‘এএ২২Xএ৬’। ছবিটি ‘সাই-ফাই’ অর্থাৎ কল্পবিজ্ঞান ঘরানার। তবে এ ছবি বলিউডের নয়। যদিও বলিউডের একাধিক নায়িকা এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে খবর। বিভিন্ন ভূমিকায় দেখা যাবে জাহ্নবী কপূর, মৃণাল ঠাকুর এবং রশ্মিকা মন্দানাকে। শুধু তা-ই নয়, রশ্মিকা সম্ভবত এই প্রথম অভিনয় করবেন খলনায়িকার চরিত্রে।
ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি। অ্যাটলি দক্ষিণী নামী পরিচালক। সিনেমাটিও তৈরি হচ্ছে তেলুগু ভাষায়। এ ছবিতে যে অনুষ্কা অভিনয় করছেন, সে কথা সরাসরি কোথাও বলা না হলেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছবিতে বলিউডের এক বড় তারকা অভিনেত্রীর কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। যদি কথাবার্তা চূড়ান্ত হয়, তবে এই সিনেমাই হবে ওই তারকা অভিনেত্রীর প্রথম তেলুগু সিনেমা।
সেই রিপোর্ট এবং আরও নানা অঙ্ক মিলিয়ে অনেকেই মনে করছেন ওই তারকা অভিনেত্রী অনুষ্কা ছাড়া আর কেউ নন। যদিও এ ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
কিন্তু অনুষ্কা যদি নায়িকা হন, তবে তাঁর বিপরীতে নায়ক কে হবেন? এ প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গিয়েছে। এ ছবির নায়ক দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন, যাঁর অভিনীত ছবি ‘পুষ্পা’ গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল। অল্লু তাঁর এই পরবর্তী ছবির জন্য বড় বাজেট নিয়ে মাঠে নামছেন। আর তাতেই বলিউডের ওই সমস্ত অভিনেত্রী কাজ করবেন। আর অল্লুকে দেখা যাবে একাধিক চরিত্রে।
তবে এ সিনেমায় যদি অনুষ্কা অভিনয় করেন, তবে আলোচনার কেন্দ্রবিন্দু হবেন তিনিই। কারণ, অনুষ্কা দীর্ঘ ৮ বছর পরে পর্দায় ফিরবেন। পর্দায় ফিরবেন মা হওয়ার পরেও। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘জ়িরো’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে। সেই ছবি ‘ফ্লপ’ করেছিল বক্স অফিসে। তার পরে অনুষ্কা প্রযোজক হিসাবে কাজ করতে শুরু করেছিলেন। ২০২২ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনীনির্ভর ছবি ‘চাকদা এক্সপ্রেস’ প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করার কথা ছিল অনুষ্কার। কিন্তু সে ছবির কাজ শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এর পরে অনুষ্কাকে আর রুপোলি পর্দাতেও দেখা যায়নি।
বিরাট কোহলির ঘরণি হয়ে তাঁর দুই সন্তানের জন্ম দিয়েছেন। তার পরে দেশ ছেড়ে থিতু হয়েছেন লন্ডনে। মাঝে পেরিয়ে গিয়েছে ৮টি বছর। এর পরে তিনি যদি আবার পর্দায় ফেরেন, তা-ও আবার তেলুগু ছবিতে, তবে পর্দায় অনুষ্কাকে দেখার জন্য মুখিয়ে থাকবেন দেশের সিনেমাপ্রেমীদের অনেকেই।