Bengali Mega Kamala Nibas

‘বিজেপি-র বন্ধুরা প্রশংসা করছেন’, বললেন শঙ্কর! ‘কমলা নিবাস’-এর প্রলয় কি দিলীপ ঘোষ?

প্রশ্ন শুনে হেসে ফেলেছেন অভিনেতা। বলেছেন, “কোনও একজন নন, অনেককে এই একটি চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৬:৪৩
শঙ্কর দেবনাথ অভিনীত চরিত্রে কি উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের ছায়া?

শঙ্কর দেবনাথ অভিনীত চরিত্রে কি উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের ছায়া? ছবি: ফেসবুক।

ছোটপর্দার প্রলয় চক্রবর্তীর গায়ে নীল-সাদা জ্যাকেট। উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ সাদা পাঞ্জাবির উপরে গেরুয়া উত্তরীয় পরেন। ফারাক এটুকুই। উভয়ের পরনে ধুতি-পাঞ্জাবি। চেহারার আদলে, কথার ভঙ্গিতে এমনকি চাউনিতেও অদ্ভুত মিল! দাবি ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর দর্শকের।

Advertisement

পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘কমলা নিবাস’ মধ্যবিত্ত পরিবারের গল্পে সাজানো। সেখানে স্বপ্ন আর স্বপ্নভঙ্গের কাহিনি। জীবনের সঙ্গে যুদ্ধে জিতে ফেরার কথা। এখানেই মূল কাহিনীর সঙ্গে সমান্তরাল ভাবে দেখানো হচ্ছে রাজনীতিবিদ প্রলয় চক্রবর্তীর এবং তার পরিবারকে। ধুতি-পাঞ্জাবিতে শোভিত চরিত্রটির চোখে রঙিন চশমা। হাতে ব্রেসলেট, গলায় মোটা চেন। হয়তো ‘ফ্রেম টু ফ্রেম’ মিল নেই। কিন্তু এই চরিত্রের অভিনেতা শঙ্কর দেবনাথ যখনই পর্দায় আসছেন, তখনই ফিসফাস শুরু! কোথায় যেন মিল তাঁর আর বাস্তবের রাজনীতিবিদের সঙ্গে!

সত্যিই কি গেরুয়া রাজনীতিবিদ দিলীপবাবুকে ভেবেই চরিত্রটি তৈরি? পরিচালককে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। রাজেন্দ্রপ্রসাদ বলেছেন, “কাউকে ভেবে চরিত্রটি লেখা হয়নি। গল্পের প্রয়োজনে ‘প্রলয় চক্রবর্তী’ চরিত্রটিকে দেখানো হচ্ছে। কেউ কোনও মিল পেলে সেটা কাকতালীয়।”

অভিনেতা শঙ্কর দেবনাথ কিন্তু বিষয়টি উপভোগ করেছেন। বাস্তবে বামপন্থী অভিনেতা মুচকি হেসে বলেছেন, “আমি কোনও একজনকে অনুসরণ করে চরিত্রটিকে জীবন্ত করিনি। একাধিক রাজনীতিবিদের মিশেলে এই চরিত্রটি গড়া। তার পরেও কেউ বিশেষ কারও সঙ্গে মিল পেলে আমার কিছুই বলার নেই।” কিন্তু প্রলয় চক্রবর্তীর ‘রাউডি’ মেজাজে যে দিলীপবাবুর বিখ্যাত সংলাপ ‘রগড়ে দেব’র গন্ধ! মঞ্চ ও পর্দার বিশিষ্ট অভিনেতার কথায়, “যত দূর জানি, দিলীপবাবু মেদিনীপুরের লোক। আমার কথায় বসিরহাট অঞ্চলের টান। মিল থাকার কথা নয়।”

তবে চরিত্রটি যে দর্শকমহলে বেশ জনপ্রিয়, সেটা টের পেয়েছেন অভিনেতা। অনেকেই তাঁকে ফোন করেছেন। প্রশংসা করেছেন অভিনয়ের। মৃদু হেসে শঙ্করের ফের রসিকতা, “সেই তালিকায় কিন্তু বিজেপি-র বন্ধুরাও আছেন।”

Advertisement
আরও পড়ুন