জয়দীপ অহলওয়াত। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেতা জয়দীপ অহলওয়াত। অনেকে আবার তাঁকে ‘পাতাল লোক’-এর হাতিরাম নামেও চেনেন। এত দিন যে ক’টি ওয়েব সিরিজ় বা সিনেমায় অভিনয় করেছেন, সর্বত্র প্রশংসিত হয়েছেন। ‘রকস্টার’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘গব্বর ইজ় ব্যাক’, ‘রইস’, ‘রাজ়ি’-র মতো একাধিক হিন্দি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এরই মাঝে অভিনেতা জানালেন, তাঁর নাকি নিজের রাগের উপর কোনও নিয়ন্ত্রণ নেই।
মুম্বই এসে বহু প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে তাঁকে। প্রথমত, সেখানকার ভাষা ব়ড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। জয়দীপ জানান, তিনি হরিয়ানার ছেলে। স্বাভাবিক ভাবেই তাঁর কথায় সেই টান রয়েছে। কথ্য হিন্দি বলতেও বেশ বেগ পেতে হত তাঁকে শুরুর দিকে। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের আরও একটি খারাপ দিক হল অভিনেতার রাগ। তিনি জানান, রাগ হলে কোনও জ্ঞান থাকে না তাঁর। ভাঙচুরও করে ফেলেন নাকি।
জয়দীপের কথায়, ‘‘আমি রেগে গেলে, হাতের কাছে যা পাই, ভেঙে ফেলি। আগেও করেছি। তাই যদি বুঝতে পারি যে কোনও কারণে কোনও বিষয়ে মাথাগরম হতে পারে, তা হলে তৎক্ষণাৎ সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসে। সেখানে থেকে গেলে আমি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারব না।’’