Kajol

মেয়ে নিসার সঙ্গে তিন বছর ধরে ঝগড়া কাজলের! দ্বন্দ্ব মেটাতে কী সিদ্ধান্ত নেন অভিনেত্রী?

একটা সময় গিয়েছে যখন নিসার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কালঘাম ছোটে কাজলের। প্রায় তিন বছর মেয়ের সঙ্গে নাকি সে ভাবে কথা হত না অভিনেত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২০:৪৮
Kajol Shares her Three year fight with Nysa Devgan difficulties of gen Z daughter parenting

নিসার সঙ্গে কী নিয়ে ঝগড়া কাজলের? ছবি: সংগৃহীত।

এমনিতেই কাজলের মেয়েকে সর্ব ক্ষণ কোনও না কোনও কারণে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। অভিনেত্রী জানান, তাঁর চোখে নিসা ও যুগ দেবগন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কিন্তু, একটা সময় গিয়েছে, যখন নিসার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কালঘাম ছোটে কাজলের। শুধু তা-ই নয়, প্রায় তিন বছর নাকি মেয়ের সঙ্গে সে ভাবে কথাই হত না অভিনেত্রীর।

Advertisement

নিসা ‘জেন জ়ি’ মেয়ে। ফলে স্বাভাবিক ভাবেই মায়ের সঙ্গে তাঁর চিন্তাভাবনার একটা পার্থক্য প্রথম থেকেই ছিল। কিন্তু, মেয়ে ১২ বছরে পা দিতেই নাকি শুরু হয় মায়ের সঙ্গে মতবিরোধ। কাজল বলেন, ‘‘কিশোরী অবস্থা থেকে যেই যৌবনের দিকে পা বাড়াতে শুরু করে নিসা, আমার সঙ্গে কথায় কথায় মতবিরোধ হত। ওকে বুঝতে পারতাম না। দু’জনেই ঝগড়া করেছি। প্রায় তিন বছর সময় লেগেছে ওর দিকটা বুঝতে।’’

মেয়ের সঙ্গে সম্পর্ক যখন তিক্ত হচ্ছে, সেই সময় তা স্বাভাবিক করতে নিজে থেকেই উদ্যোগ নেন অভিনেত্রী। কাজলের কথায়, ‘‘প্রাপ্তবয়স্ক হিসাবে আমি সিদ্ধান্ত নিলাম যে, আমার আরও যুক্তিবাদী হওয়া উচিত। ঝগড়া না করে ওর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিই। যত ক্ষণ না নিসা আমার কথা শোনা শুরু করে, তত ক্ষণ আমি চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’’

সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। মতবিরোধ, দ্বন্দ্বের পরিবর্তে আলাপচারিতা শুরু হয়। অভিনেত্রী বুঝতে পারেন যে, ক্রমাগত উপদেশ দেওয়ার চেয়ে শোনাটা বেশি জরুরি। তিনি বলেন, “ব্যাপারটা এমন হয়ে দাঁড়াল যে, আমি মেয়ের পাশে বসে ওর কথা শুনতাম। ওকে কথা বলার এবং ওর কথাকে গুরুত্ব দেওয়ার সুযোগ করে দিই। সেটাই আমাদের সম্পর্কে সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল। এটাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা।”

Advertisement
আরও পড়ুন