Kangana Ranaut on Karan Johar

পোশাক ও ইংরেজি বলার ধরন নিয়ে মশকরা! ফের কর্ণ জোহরের বিরুদ্ধে জমা ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রনৌত

‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে বলিউড পরিচালক-প্রযোজককে তোপ দেগেছিলেন তিনি। এমনকি ‘মুভি মাফিয়া’ তকমাও দিয়েছিলেন। ফের ক্ষোভ উগরে দিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৪:১১
কর্ণকে ফের তোপ কঙ্গনার!

কর্ণকে ফের তোপ কঙ্গনার! ছবি: সংগৃহীত।

আবার কর্ণ জোহরের উপরে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রনৌত। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে বলিউড পরিচালক-প্রযোজককে তোপ দেগেছিলেন তিনি। এমনকি ‘মুভি মাফিয়া’ তকমাও দিয়েছিলেন। বলিউডে কর্ণ তারকাসন্তানদের নিয়ে স্বজনপোষণ করেন, সেই কথাও মুখের উপর বলেছিলেন কঙ্গনা। ফের কী বললেন অভিনেত্রী?

Advertisement

আর এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তাঁর যদি ‘বায়োপিক’ তৈরি হয়, সেখানে খলনায়ক হবেন কর্ণ। কেন প্রযোজকের প্রতি এত উষ্মা তাঁর? কঙ্গনার বক্তব্য, তাঁকে বরাবরই দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এমনকি পোশাক ও তাঁর ইংরেজিতে কথা বলার ক্ষমতা নিয়েও মশকরা করা হয়েছে। তাঁর কথায়, “একটা সময় থাকে, যখন আমরা যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তার পরে একটা সময়ে আসে, আমরা বুঝতে পারি যে, আমরা বরবারই বহিরাগত ছিলাম। তাই কেন মানিয়ে নেওয়ার চেষ্টা করতে যাব?”

‘কফি উইথ কর্ণ’-র সেই পর্ব নিয়েও মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেন, “আপনারা সেই পর্বটি দেখেছিলেন। কিন্তু ওই অনুষ্ঠানেই আমার পোশাক, আমার ইংরেজি বলার ধরন নিয়ে মশকরা করা হয়েছে। কর্ণের সঙ্গে আমি একটা ছবিও করেছিলাম। সেই গল্পে আমাকে একটা পার্শ্বচরিত্র দিয়েছিলেন তিনি।”

একটা সময় পর্যন্ত প্রত্যেকেই সবার সঙ্গে মিলেমিশেই থাকতে চায়। কিন্তু পরিস্থিতি ক্রমশ বদলাতে শুরু করে। অভিনেত্রীর কথায়, “এমন একটা সময় আসে, যখন আমরা বুঝতে পারি, আসলে যাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তারা আদতে আমার সংসার চালাচ্ছে না। তাদের জন্য আমার জীবনে সাফল্য আসছে, এমনও নয়। বরং এরা সুযোগ পেলে আমাকে পৃথিবী থেকে মুছে ফেলবে।” কঙ্গনার মতে, তাঁর বিরুদ্ধে দল বেঁধে নেতিবাচক বিষয় প্রচার করা হয়েছে। তাই এখন তাঁর কিছু যায় আসে না। প্রকাশ্যেই তাই যা বলার, তিনি বলেন। অতীতে যা বলেছেন, তা নিয়ে কোনও অনুশোচনা নেই তাঁর।

Advertisement
আরও পড়ুন