‘এপস্টিন ফাইল্স’ নিয়ে কী প্রতিক্রিয়া কঙ্গনার! ছবি: সংগৃহীত।
আলোচনার কেন্দ্রে ‘এপস্টিন ফাইল্স’। যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত আপাতত ফাঁস হওয়া তথ্য দেখে বিস্মিত কঙ্গনা রনৌতও। একমাত্র সনাতন ধর্মই নাকি সারা বিশ্বকে বাঁচাতে পারে, এমনই মনে করছেন অভিনেত্রী।
‘এপস্টিন ফাইল্স’-এর তথ্যগুলি দেখে বিস্মিত কঙ্গনা। বিখ্যাত, ক্ষমতাশীল ব্যক্তি ও সমাজ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিও নাকি বদলে গিয়েছে। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে কঙ্গনা লিখেছেন, “এপস্টিন ফাইল্স সম্পর্কে প়ড়া ও জানা সত্যিই খুব বিরক্তিকর। অপরাধ সর্বত্রই হয়। কিন্তু এখানে তো অপরাধকেই আশকারা দেওয়া হয়েছে, যেন এটা কোনও ফ্যাশন। ছোটবেলা থেকে যে সব সঙ্গীতশিল্পী, অভিনেতা, তারকা, রাজনীতিবিদ্, মডেল, পরিচালকদের ব্যাপারে পড়েছি, তারা কী ভাবে অল্পবয়সি মহিলা ও ছোট ছোট শিশুদের মারত!”
‘এপস্টিন ফাইল্স’ দেখে সমাজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে কঙ্গনা। মানবিকতার অস্তিত্ব থাকবে কিনা, তা নিয়েও সংশয়ে তিনি। একমাত্র ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধই এই সমস্যার সমাধান করতে পারে বলে তাঁর দাবি। কঙ্গনার বক্তব্য, “খুব হতাশ হয়েছি। ভবিষ্যৎ নিয়ে আশা দেখছি না। তবে নিশ্চিত, ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং সনাতনই একমাত্র উত্তর যা এই মুহূর্তে গোটা বিশ্ব খুঁজছে। সুর-অসুর, দেবতা-রাক্ষসদের গল্প আজকের যুগে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।” কঙ্গনার মতে, মানুষকেই বেছে নিতে হবে, তাঁরা ঈশ্বরের দিকে, না কি দৈত্যের দিকে।
উল্লেখ্য, কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। অভিনয়ের পাশাপাশি তিনি মান্ডি কেন্দ্রের সাংসদও। পদ্মশিবিরের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে সরব হন প্রায়ই।