Kangana Ranaut

‘এদের মধ্যে পাকিস্তানপ্রেম বেশি’! বার বার সমালোচনার শিকার রণবীর সিংহের হয়ে ব্যাট ধরলেন কঙ্গনা

গত কয়েক মাস ধরে বিতর্কে রণবীর সিংহ। মূলত ‘ডন ৩’ ছবি থেকে আচমকা বেরিয়ে যাওয়া নিয়ে সমালোচিত তারকা। এ বার রণবীরের হয়ে মুখ খুললেন কঙ্গনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২১:৩৮
(বাঁ দিকে) কঙ্গনা রনৌত, (ডান ডিকে) রণবীর সিংহ।

(বাঁ দিকে) কঙ্গনা রনৌত, (ডান ডিকে) রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকেই বিতর্কে রণবীর সিংহ। অভিযোগ, ছবির চুক্তিতে সই করেও বেরিয়ে গিয়েছেন শুটিং শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে। এর জেরে ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার। ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নিদান দেওয়া হয় রণবীরকে। অভিনেতার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। তবে সম্প্রতি ফেডারেশনের পক্ষ থেকে সেই ‘নিষেধাজ্ঞা’ তুলে নেওয়া হয়েছে। এ বার রণবীরের হয়ে ব্যাট ধরলেন কঙ্গনা রনৌত নিজেই। রণবীরের সমালোচকদের ‘পাকিস্তানপ্রেমী’ বলে দাগিয়ে দিলেন অভিনেত্রী।

Advertisement

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর থেকেই খ্যাতির চূড়ায় রয়েছেন রণবীর সিংহ। কঙ্গনার দাবি, সাফল্য পেলে নাকি শত্রুতা বাড়ে মানুষের। যদিও এই প্রসঙ্গে রণবীর এখনও কোনও মন্তব্য করেননি। তবে রণবীরের উপর ‘নিষেধাজ্ঞা’ জারি নিয়ে কঙ্গনাকে সম্প্রতি প্রশ্ন করা হলে তিনি জানান, এই ইন্ডাস্ট্রিতে নাকি এখনও অনেকের পাকিস্তানপ্রীতি রয়েছে।

কঙ্গনার কথায়, ‘‘যখন এমন কোনও সিনেমা আসে যা পাকিস্তানের আসল চেহারা তুলে ধরে, তখন কিছু মানুষ অস্বস্তি বোধ করে। তারা এত দিন ধরে যা কিছু করে আসছে এবং প্রচার করে আসছে, তা কতটা যুক্তিসংগত, সে-ই নিয়ে প্রশ্ন ওঠে।’’ তবে এখানেই থেমে না গিয়ে কঙ্গনার সংযোজন, ‘‘রণবীর সিংহ অভিনীত ছবি পকিস্তানকে ভিন্নভাবে উপস্থাপন করে। সেগুলো প্রায়শই আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। কারণ এখানকার লোকেদের পাকিস্তানের প্রতি প্রেম রয়েছে এবং এমন কিছু সিনেমাও হয় যা পাকিস্তানের প্রতি সহমর্মী হতে শেখায়।’’

২৫ মে পরিচালক ফারহান আখতার এবং তাঁর সহযোগী প্রযোজক রীতেশ সিধওয়ানি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনে (আইএফএলডি) একটি অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ ছিল রণবীরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এর পর সংগঠন নায়কের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে। প্রসঙ্গত, জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ পর্ব ‘ডন ৩’ তিন বছর ধরে নির্মাণাধীন। ছবির কাজ এখনও শুরু হয়নি বলে খবর। প্রযোজকদের দাবি, ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের জন্য ৪৫ কোটি টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে।

যাঁকে ঘিরে বিতর্ক, সেই রণবীর অবশ্য শুরুতে নিশ্চুপ ছিলেন। নায়কের তরফ থেকে জানানো হয়, বিনোদনদুনিয়া এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি অভিনেতার ‘গভীর শ্রদ্ধা ও ইতিবাচক ভাবনা’ রয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘‘‘ডন ৩’-কে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলিতে তিনি সচেতন ভাবেই নীরব। কারণ নায়কের বিশ্বাস, পেশাগত যে কোনও আলোচনা বা সমস্যা ব্যক্তিগত পরিসরে এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো সম্ভব।’’

Advertisement
আরও পড়ুন