Kolkata Metro Service

রবিবার কলকাতা মেট্রোর দুই লাইনে সূচিতে বদল, এক ঘণ্টা আগে মিলবে প্রথম পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সকাল ৮টায় ব্লু এবং গ্রিন লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুই লাইনে মোট চার জোড়া মেট্রো চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২২:৫৫
Revised schedule for Kolkata metro’s Blue and Green line on upcoming Sunday for WBBSE

কলকাতা মেট্রো। — ফাইল চিত্র।

অন্য রবিবারের তুলনায় ১৪ জুন বেশি মেট্রো চলবে ব্লু (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) এবং গ্রিন (সেক্টর ফাইভ-হাওড়া ময়দান) লাইনে। ১৪ জুন, রবিবার ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। আর সেই কারণে ওই দিন ব্লু, গ্রিন লাইনে দু’জোড়া করে অতিরিক্ত মেট্রো চলবে। অন্য রবিবারের তুলনায় এই রবিবার এক ঘণ্টা আগে পরিষেবা চালু হবে।

Advertisement

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সকাল ৮টায় ব্লু এবং গ্রিন লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুই লাইনে মোট চার জোড়া মেট্রো চলবে। অতিরিক্ত মেট্রোগুলি পাওয়া যাবে আধ ঘণ্টা অন্তর।

সাধারণত রবিবার ব্লু লাইনে প্রথম পরিবাষেবা পাওয়া যায় সকাল ৯টায়। তবে ১৪ জুন পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৮টা থেকে পরিষেবা চালু হবে। প্রতি রবিবার আপ-ডাউন মিলিয়ে ১৫২টি পরিষেবা চলে। তবে সামনের রবিবার মিলবে ১৫৬টি পরিষেবা।

রবিবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা মিলবে সকাল ৮টা ০২ মিনিট নাগাদ। ওই দিন গ্রিন লাইনে আপ-ডাউন মিলিয়ে ১১২টি পরিষেবা পাওয়া যাবে। তবে শেষ পরিষেবার সময়ের কোনও বদল হয়নি। সকাল ৯টার পর পূর্বনির্ধারিত সূচি মেনেই পরিষেবা পাওয়া যাবে ব্লু এবং গ্রিন লাইনে। অন্য ররিবারের মতো পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না। ইয়েলো লাইনের পরিষেবার সূচিতে কোনও বদল নেই বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন