— প্রতীকী চিত্র।
খড়দহ হালদার বাগান পুকুরে স্নান করতে নেমেছিল দুই কিশোর। জলে ডুবে মৃত্যু হল তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হল ১২ বছরের আদিত্য দাস এবং ১৬ বছরের সৌম্যদীপ বসু। তারা খড়দহ গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা।
শুক্রবার ফুটবল খেলার পরে হালদার বাগান পুকুরে স্নান করতে নামে দুই কিশোর। তাদের মধ্যে একজন সাঁতার কাটতে জানলেও অপর জন জানত না। এক জনকে জলে তলিয়ে যেতে দেখে অপর জন তাকে বাঁচাতে এগিয়ে যায়। দু’জনেই জলে তলিয়ে যায়।
তার পরেই স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজ শুরু করে। দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজির পর দু’জনকে উদ্ধার করে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আদিত্য এবং সৌম্যদীপকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।