বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নিমার্ণ।
ফের চলল বুলডোজ়ার। শুক্রবার হাওড়ার শালিমার কয়লা ডিপো এলাকায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক বেআইনি দোকান ও নির্মাণ। বন্দর কর্তৃপক্ষ ও শিবপুর পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী।
ভোটের আগেই কয়লা ডিপো এলাকায় রাস্তা সম্প্রসারণ ও হাই ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু তা পুরোপুরি শেষ করা যায়নি। ভোট মিটতে ফের কাজটি শুরু হয়েছে। বর্ষার আগেই সেই কাজ শেষ করার পরিকল্পনা করছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে কয়লা ডিপো এলাকায় পোর্ট ট্রাস্টের জমিতে গড়ে ওঠে বেআইনি দখলদারি ও নির্মাণ। অভিযোগ, রাস্তার দু’ধারে গজিয়ে ওঠা একাধিক বেআইনি দোকান ঘিরে নানা সমস্যা দেখা দিয়েছে। এর জন্য শুক্রবার রাস্তার দু’পাশের দখলদারি সরাতে নামানো হয় দু’টি বুলডোজ়ার। বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে শিবপুর পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।
উচ্ছেদের ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের একাংশের ক্ষোভ, “সাধারণ জনগণের থেকে ভোট চাইতে আসার সময় নেতাদের মনে হয়নি এখানে বেআইনি দখল রয়েছে। ভোটে দিতে যাওয়ার পর এখন উচ্ছেদ করা হচ্ছে। আগামী নির্বাচনে এর জবাব দেওয়া হবে।”
প্রসঙ্গত, গত মাসে হাওড়া স্টেশনের বাইরে চালানো হয় বুলডোজ়ার। রাতে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাথের ১৫০টিরও বেশি দোকান। অভিযোগ, সেগুলি অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছিল। যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হাওড়া স্টেশনের বাইরে চালানো হয় বলে দাবি রেল কর্তৃপক্ষের।