মহেশ ভট্ট সেই দিন কঙ্গনাকে কী বলেছিলেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২০০৮ সালের ২৬ নভেম্বর। দিনটির ভয়াবহতা মনে করে আজও শিউরে ওঠেন অনেকেই। মুম্বই হামলার সেই ঘটনা উঠে আসবে কঙ্গনা রনৌতের আসন্ন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’-তে। ২৬/১১ নিয়ে নিজেরও ভয়াবহ স্মৃতি রয়েছে কঙ্গনার। সেই জঙ্গি হামলার দিনটিতে সন্ধে তেকে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা সম্প্রতি সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী-সাংসদ।
‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির ঝলকমুক্তি অনুষ্ঠানে কঙ্গনা বলেন, “আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে। সেই সময়ে আমরা মহেশ ভট্ট স্যরের সঙ্গে কাজ করছিলাম। সবাই তখন উঠতি অভিনেতা। ইয়ারি রোডে সাহানা গোস্বামী একটি বাড়ি নিয়েছিল, সেখানে আমাদের পার্টি করতে ডেকেছিল।” সেই দিনের স্মৃতি হাতড়ে বলিউডের ‘কুইন’ বলেন, “সাহানা, আমি, আরও কয়েকজন আনন্দ করছিলাম, নাচানাচি করছিলাম। তার পরে এলেন মহেশ ভট্ট। এসেই বললেন, ‘এখনই টিভি চালাও। জঙ্গি হামলা হয়েছে!’”
প্রত্যেকে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। পার্টি ছেড়ে অনেকে বাড়ি চলে যাবেন কি না ভাবছিলেন। কিন্তু মহেশ ভট্ট সবাইকে সাহানার বাড়িতেই থাকতে বলেন। কঙ্গনার কথায়, “ভট্ট স্যর স্পষ্ট বলে দেন, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। আমরা ২০-২৫ জন সাহানার বাড়িতেই থেকে যাই। মহেশ ভট্ট আমাদের খবরটা দিয়েছিলেন বলে! না হলে সেই মুহূর্তে আমরা জানতেই পারতাম না।”
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের পাঁচতারা হোটেলগুলির পাশাপাশি হাসপাতালেও হামলা হয়েছিল। তেমনই একটি হাসপাতালের চিত্র উঠে আসবে ছবিতে। কঙ্গনা অভিনয় করেছেন একজন নার্সের চরিত্রে।
উল্লেখ্য, ৬০ ঘণ্টা ধরে চলা সেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের।