কী ভাবে মৃত্যু হল অভিনেত্রীর? ছবি: সংগৃহীত।
ছোটপর্দায় ফের দুঃসংবাদ। প্রয়াত ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের অভিনেত্রী সঞ্চিতা উগলে। শোনা যাচ্ছে, ৩০ বছর বয়সি অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হিন্দি ছোটপর্দার জগতে। রবিবার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ছয় বছর পূর্ণ হয়েছে। ছোটপর্দা থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁরও। তাই ছোটপর্দার তারকাদের মন ভার রবিবার থেকেই। এর মধ্যেই সঞ্চিতার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন অনেকেই।
সঞ্চিতার মৃত্যুতে স্তব্ধ তাঁর পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা। পুলিশ সূত্রে আত্মহত্যার খবর পাওয়া গেলেও, তাঁর মৃত্যুর সঠিক কারণ বা পরিস্থিতি সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সঞ্চিতা ছোটপর্দার অতি পরিচিত মুখ ছিলেন। ‘কুমকুম ভাগ্য’ এবং ‘ওয়াগলে কি দুনিয়া’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের কাছে পরিচিতি পান। এ ছাড়াও ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’ ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন।
শুধু ছোটপর্দা নয়। এর পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবিতে তিনি তারাবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে পর পর বেশ কিছু কাজ করছিলেন তিনি। তাই তাঁর মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হয়েছে।
মৃত্যুর আগে সমাজমাধ্যমে সঞ্চিতার শেষ পোস্টও নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। শনিবারই একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সেখানে খুব হাসিখুশি ভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী। একটি প্রাণবন্ত গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিয়োর মন্তব্য বিভাগে শোকপ্রকাশ করছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক কী হয়েছিল! ওই রিলটি পোস্ট করার মাত্র ১৮ ঘণ্টা পরেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে।
উল্লেখযোগ্য ভাবে, গত বছর নেটপ্রভাবী মিশা অগ্রবালের মৃত্যুর পরে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন সঞ্চিতা। তিনি বলেছিলেন, সমাজমাধ্যমে স্বীকৃতি পাওয়ার প্রবণতা অনেকের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই সময় সঞ্চিতা বলেছিলেন, “তরুণেরা এত সহজে নিজেদের জীবন নিয়ে এমন সিদ্ধান্তের কথা ভাবছে, তা দেখে আমার খুব কষ্ট হয়।” সঞ্চিতার অকালমৃত্যু আবার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। সেই মৃত্যু নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তদন্তভার ছিল সিবিআই-এর উপর। গত বছর তাদের পক্ষ থেকেই জানানো হয়, তদন্তে ষড়যন্ত্র বা কোনও অসঙ্গতি পাওয়া যায়নি। রবিবার সুশান্তের মৃত্যুর ছয় বছর পূর্ণ হল। ছোটপর্দার ধারাবাহিক ‘পবিত্র রিশ্তা’য় অভিনয় করে তিনি প্রথম জনপ্রিয় হয়েছিলেন।