Dol 2026

কেউ বানাবেন মিষ্টি, কারও দায়িত্বে ঠান্ডাই! টেলিপাড়ার নতুন বৌ মধুমিতা-শ্যামৌপ্তি-প্রিয়াঙ্কাদের দোলে কী পরিকল্পনা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১১:৫৪
দোলে নবদম্পতিদের কী পরিকল্পনা?

দোলে নবদম্পতিদের কী পরিকল্পনা? ছবি: সংগৃহীত।

বসন্ত এসে গিয়েছে। এসেছে রঙের উৎসবও। মাঘ পড়ার পর থেকেই টলিপাড়ার অন্দরে প্রেমের হাওয়া। বিয়ের পিঁড়িতে বসেছেন টেলিপাড়ার আলোচিত নায়িকারা। কারও কারও বিয়ে আবার এক মাস পেরিয়েও গিয়েছে। আবার কেউ পার করেছেন কয়েক সপ্তাহ। বিয়ের পরের প্রথম দোল উৎসবে কী পরিকল্পনা করেছেন মধুমিতা সরকার, শ্যামৌপ্তি মুডলী এবং প্রিয়াঙ্কা মিত্রেরা?

Advertisement

মধুমিতা তো একের পর এক ছবির শুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত। তার মধ্যে যে খুব বেশি পরিকল্পনা করে উঠতে পেরেছেন, তেমন নয়। তবে প্রিয়াঙ্কা অনেক কিছুই আয়োজন করেছেন। কারণ, এক দিকে যেমন দোল, অন্য দিকে তাঁদের বিয়ের এক মাস পূর্তি। বলা যেতে পারে মঙ্গলবার, প্রিয়াঙ্কার দমদমের বাড়িতে হচ্ছে জোড়া উৎসব।

শ্যামৌপ্তিও এই দিন অনেক কিছু পরিকল্পনা করেছেন। স্বামী রণজয়ের মধ্যমগ্রামের বাড়িতে বিয়ের পরে প্রথম বার যাচ্ছেন তিনি, ফলে বাড়তি উত্তেজনা রয়েছে মনে মনে। সব মিলিয়ে তিন নায়িকা বিয়ের পরের প্রথম দোল উৎসবকে মনের মতো করে সাজিয়েছেন। মধুমিতা বললেন, “আমার নতুন ছবির শুটিং চলছে। জলরং তো খেলতে পারব না। তবে ইচ্ছা আছে দেবমাল্য আর আমি বন্ধুদের বাড়ি যাব। আর আমাদের তো কোনও অনুষ্ঠান মানেই পাঁঠার মাংস হতেই হবে। তাই সেই আয়োজন থাকছেই।”

এ দিকে শ্যামৌপ্তি স্বামীর জন্য বিশেষ আয়োজন করছেন। ভেবেছেন নিজের হাতে রান্না করে এ দিন খাওয়াবেন রণজয়কে। সেই সঙ্গে আবার বিভিন্ন জায়গায় যাওয়ারও আছে। অভিনেত্রী বলেন, “ভেবেছি এক রকমের মিষ্টি তৈরি করব। আর বিয়ের এক মাস আগে থেকে যা পাঁঠার মাংস খাওয়া হয়েছে! তাই চিকেনরই এক ধরনের পদ রাঁধব।” এই দিন নায়িকা ঠিক করেছেন, মধ্যমগ্রামে শ্বশুরবাড়িতেও যাবেন।

তবে প্রিয়াঙ্কার কাছে দোলের বাড়তি উত্তেজনা একটাই। কারণ, এই দিন তাঁদের বিয়ের এক মাস পূরণ হচ্ছে। এই বছর তাই বড় করেই সব কিছুর আয়োজন হচ্ছে। তবে স্বামী শুভ্রজিৎ ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিংয়ে। অগত্যা, অভিনেত্রী নিজেই সবকিছু একাহাতে করছেন। অভিনেত্রী বলেন, “ঠান্ডাই থেকে মিট্‌বল, পাঁঠার মাংস সব থাকবে। আমার দমদমের বাড়ির ছাদ সাজানো হয়েছে। ওখানে বন্ধুরা আসবে। একদম ‘হোলিপার্টি’ যাকে বলা হয় সেটাই হবে।” নবদম্পতিরাই যে শুধু বিশেষ পরিকল্পনা করেছেন তেমন নয়, টলিপাড়ার অনেকে আগের দিন থেকেই রং খেলাও শুরু করে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন