Ram Kapoor-Ekta Kapoor

রাম-একতার ঝামেলার অবসান? প্রযোজকের সঙ্গে বিতর্ক প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

অভিনেতা রাম কপূর এবং প্রযোজক একতা কপূরের সম্পর্কের অবনতি নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। এ বার ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:২৭
রাম-একতার ‘বন্ধুত্ব’ আবার জুড়ল?

রাম-একতার ‘বন্ধুত্ব’ আবার জুড়ল? ছবি: সংগৃহীত।

অভিনেতা রাম কপূর এবং প্রযোজক একতা কপূরের সম্পর্ক নাকি আগের মতো নেই। এই জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এ বার কি সেই বিতর্কের অবসান ঘটল? কারণ একতা প্রযোজিত রিয়্যালিটি শো-এ প্রতিযোগী হিসাবে দেখা যাবে অভিনেতাকে। ফলে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে ফের প্রশ্ন অনুরাগীমহলে।

Advertisement

গত এক বছরে তাঁর ব্যক্তিগত ও পেশাজীবন নিয়ে যত আলোচনা ও গুঞ্জন হয়েছে, মঞ্চে কথা বলতে গিয়ে তার প্রসঙ্গ তোলেন রাম । তিনি বলেন, “গত এক বছরে অনেক আলোচনা হয়েছে, অনেক জল্পনা হয়েছে। সকলে জানতে চেয়েছেন যে, একতা আর আমার মধ্যে কী হয়েছিল, তাই না?” পাশাপাশি তিনি উল্লেখ করেন, তাঁদের সম্পর্ক নিয়ে মানুষ নানা অনুমান করলেও আসলে সত্যিটা কেউ নিশ্চিত ভাবে জানে না।

তবে কথোপকথনের মাঝেই রাম তাঁদের দীর্ঘদিনের সফল পেশাগত সম্পর্কের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “একটা বিষয় সবাই নিশ্চিত ভাবে জানে— গত ১৫ বছরে যখনই একতা এবং আমি একসঙ্গে কাজ করেছি, তখনই ‘ম্যাজিক’ তৈরি হয়েছে। এটা সত্যি।” এই বিশ্বাসেই রিয়্যালিটি শো-এ যোগ দিচ্ছেন তিনি।

রামের বক্তব্যের পরেই মঞ্চে আসেন একতা। সেই সময়ে রাম তাঁকে উষ্ণ আলিঙ্গন করেন এবং স্নেহের চুম্বনও দেন। তাঁদের এই মুহূর্ত, উপস্থিত দর্শক ও অনুরাগীদের নজর কাড়ে। দর্শকের মতে, এই মুহূর্তই বলে দেয়, তাঁদের বহুদিনের মনোমালিন্য এ বার শেষ হয়েছে।

উল্লেখ্য, রাম ও একতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল অনেক দিন আগেই। ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকের ‘বিতর্কিত’ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রামের কিছু মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তা বড় আকার ধারণ করে। বিভিন্ন প্রতিবেদনে লেখা হয়েছিল, ওই ধারাবাহিকের আলোচিত চুম্বন দৃশ্য এবং তার প্রভাব নিয়ে রামের মন্তব্য একতার পছন্দ হয়নি। পরে একতা সামাজিক মাধ্যমে এক ‘অপেশাদার অভিনেতা’র প্রসঙ্গ তুলে একটি পোস্ট করেন, যা অনেকেই রামকে উদ্দেশ করে লেখা বলে মনে করেছিলেন। যদিও একতা কখনও কারও নাম উল্লেখ করেননি।

পরে রাম এই আলোচনার প্রেক্ষিতে জানিয়েছিলেন, একতা তাঁর অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই রামকে নিয়ে মন্তব্য করার অধিকার একতার রয়েছে। তা সত্ত্বেও তাঁদের মধ্যে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। তবে ‘লক আপ’-এর মঞ্চে তাঁদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও পারস্পরিক সম্মান প্রদর্শন দেখে অনেকেই মনে করছেন, অতীতের সমস্ত দ্বন্দ্ব এখন অন্তত অনেকটাই ফিকে হয়ে এসেছে।

Advertisement
আরও পড়ুন