Dia Mirza on Salman Khan

সলমনের মায়ের চরিত্রে অভিনয় করবেন দিয়া মির্জ়া! এককালের নায়িকাকে কী বলেছিলেন ভাইজান?

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির পারিশ্রমিক দিয়ে তিনি একটি বাড়ি কিনেছিলেন মাত্র ১৯ বছর বয়সে। ফরাহ ও তাঁর রন্ধনশিল্পী দিলীপের সামনেও সেই অভিজ্ঞতার কথা বলেন দিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২২:৫০
সলমনের মায়ের চরিত্রে দিয়া!

সলমনের মায়ের চরিত্রে দিয়া! ছবি: সংগৃহীত।

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে সলমন খানের নায়িকা ছিলেন দিয়া মির্জ়া। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। আজও তাঁর সৌন্দর্য নিয়ে আলোচনা হয়। তবে সলমন খান এক সময় বলেছিলেন যে, এমন একটা সময় আসবে, যখন দিয়া তাঁর মায়ের চরিত্রে অভিনয় করবেন। ফরাহ খানের শো-তে জানান দিয়া।

Advertisement

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির পারিশ্রমিক দিয়ে তিনি একটি বাড়ি কিনেছিলেন মাত্র ১৯ বছর বয়সে। ফরাহ ও তাঁর রন্ধনশিল্পী দিলীপের সামনেও সেই অভিজ্ঞতার কথা বলেন দিয়া।

দিয়াকে প্রশ্ন করেন ফরাহ, “তোমার কি মনে আছে, আমরা একটি গানের শুটিং করছিলাম আর সেখানে প্রায় ২ লক্ষ মানুষের ভিড় হয়েছিল? অনেক কষ্টে আমরা সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরেছিলাম!” এর পরে তাঁরা ছবির একটি গানের শুটিংয়ের স্মৃতি মনে করেন। ফরাহ বলেন, “আমরা সেই গানটি মাত্র অর্ধেক দিনে শুট করেছিলাম। দিয়া খুব দ্রুত পোশাক বদলাত। কোনও আলাদা ঘর বা গাড়ি ছিল না, গাছের আড়ালেই পোশাক বদলে নিত। সলমনও দাঁড়িয়েই পোশাক বদলে নিত।”

দিয়া কি আবার সলমনের সঙ্গে কাজ করবেন? দিয়া বলে ওঠেন, “এখন তো তিনি এমন মেয়েদের সঙ্গে কাজ করবেন, যাঁদের কম বয়স।” সহমত হননি ফরাহ। তিনি বলেন, “না না! তিনি তো ইতিমধ্যেই চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে কাজ করছেন।”

এর পর দিয়া হেসে বলেন, “কিন্তু আমার প্রথম ছবিতেই সলমন বলেছিল, একদিন তুমি আমার মায়ের চরিত্রে অভিনয় করবে। তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই সময়ে শুটিং সেটে আমি, রাজপাল যাদব একটি শটের জন্য অপেক্ষা করছিলাম। তখন দেখি, যে অভিনেত্রী সলমনের মায়ের চরিত্রে অভিনয় করছেন, তাঁর সদ্য সন্তান হয়েছে। আমি বলেছিলাম, ‘তিনি নিশ্চয়ই খুব কম বয়সি, তবুও আপনার মায়ের চরিত্রে করছেন।’ তখন সলমন বলেছিল, ‘চিন্তা কোরো না, একদিন তোমার সঙ্গেও এমন হবে।”

সলমনের আসন্ন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে আলোচনা হচ্ছে। তাই ফরাহ মজা করে বলেন, “যদি ‘মাতৃভূমি’তে কোনও মায়ের চরিত্র থাকে, সলমনের দিয়াকে নিয়ে নেওয়া উচিত।” তবে দিলীপ আপত্তি জানান। তিনি বলেন, এখনই মায়ের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই দিয়ার। দিলীপ বলেন, “ওঁকে তো সলমনের ছোট বোনের মতো লাগবে।” ফরাহ তখন ফের মজা করে বলেন, “ওকে সলমনের নায়িকার মতোই লাগবে। ছোট বোন বলার কী দরকার ছিল?”

Advertisement
আরও পড়ুন