Updates Of New Episode Of Dadagiri

জোরকদম প্রস্তুতি শুরু! ভোট মিটলেই ছোটপর্দায় ফিরবে ‘দাদাগিরি’, লিয়েন্ডার না দেব? মিলল আভাস

রবিবার জ়ি বাংলা চ্যানেলের তরফ থেকে আভাস মিলল। সব ঠিক থাকলে ছোটপর্দাতেও অভিজিতের পরিচালনায় দেখা যাবে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৯
দেব না লিয়েন্ডার পেজ? অভিজিৎ সেন কাকে আনছেন?

দেব না লিয়েন্ডার পেজ? অভিজিৎ সেন কাকে আনছেন? ছবি: ফেসবুক।

২০০৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম সঞ্চালনা। দর্শকেরা সন্দিহান, খেলার মতোই ক্যামেরার সামনেও কি অনায়াস হতে পারবেন? প্রথম সিজ়নে অল্প আড়ষ্টতা। দ্বিতীয় সিজ়ন থেকে ছোটপর্দায় দাপিয়ে ‘দাদাগিরি’ তাঁর। সৌজন্যে পরিচালক অভিজিৎ সেন।

Advertisement

১০টি সিজ়নের পরে সৌরভ-অভিজিৎ জুটির জনপ্রিয়তা দেখার মতো। প্রত্যেক সিজ়নের জন্য দর্শক প্রতীক্ষায় থাকতেন। ২০২৪ সালে সেই পথচলা শেষ। সৌরভ যোগ দিচ্ছেন অন্য চ্যানেলের অনুষ্ঠান ‘বিগ বস্‌ বাংলা’য়, সঞ্চালক হিসাবে।

তা হলে কি ‘দাদাগিরি’ রিয়্যালিটি শো-টি আর দেখা যাবে না? শো-য়ের সম্প্রচার হলে আর কি সঞ্চালনা করবেন সৌরভ?

দিনদুয়েক ধরে জল্পনা, এ বার নাকি দেবকে ‘দাদাগিরি’র সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে। রবিবার সেই জল্পনাকেই সমর্থন জানালেন সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ। এ দিন আনন্দবাজার ডট কম-এর তরফ থেকে যোগাযোগ করা হয় চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে। জানাতে চাওয়া হয় যে, যা রটেছে, তা-ই কি ঘটছে? তখনই জানানো হয়, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মে মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে ফেলা হবে বলে খবর। দেবের কাঁধে অনেক দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের সাংসদ এখন বিধানসভা নির্বাচনের শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত। ভোট মিটলেই ব্যস্ত হয়ে পড়বেন, একের পর এক ছবির শুটিংয়ে। এত কিছু সামলে ছোটপর্দায় তিনি কি সময় দিতে পারবেন? জানা গিয়েছে, সমস্ত কিছু নিয়ে তাই আলোচনা চলছে।

সঞ্চালনা না করলেও ছোটপর্দায় দেব একেবারে আনকোরা নন। এর আগে বাংলার দুই প্রথম সারির চ্যানেলের নাচের রিয়্যালিটি শো-তে তাঁকে বিচারকের আসনে দেখা গিয়েছে। এ ছাড়াও দুই চ্যানেলের অন্যান্য একাধিক রিয়্যালিটি শো-তেও তিনি ‘অতিথি শিল্পী’ হয়ে এসেছেন। পরিচালক অভিজিতের সঙ্গেও অভিনেতার জুটি হিট। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’, ‘প্রজাপতি ২’—প্রত্যেক শীতে এই জুটির ছবি বক্সঅফিস সফল। এ বছরের শীতে মুক্তি পাবে জুটির পঞ্চম ছবি ‘টনিক ২’। দর্শক তাই এ বার ছোটপর্দায় জুটির সাফল্য দেখতে মুখিয়ে।

প্রসঙ্গত, ‘দাদাগিরি’র সঞ্চালক হিসাবে উঠে এসেছে আরও কয়েকটি নাম। তার মধ্যে টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পে়জ় অন্যতম। এ বার দেখার, পুরনো ধারা মেনে কোনও খেলোয়া়ড় সঞ্চালনায় আসবেন, না কি সেই জায়গায় আসবেন সাংসদ-অভিনেতা?

Advertisement
আরও পড়ুন