Birthday Of Nandita Roy

‘আমায় নিয়ে তো ভাবলে না’, পর্দায় ‘ইন্দিরা গান্ধী’ হয়ে আক্ষেপ নন্দিতার! ফাঁস করলেন শিবপ্রসাদ

“পিছন থেকে দেখানো হবে বলেই ওই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন দিদি। শট নেওয়ার পর ঠাট্টা করেছিলেন আমাদের সঙ্গে”, নন্দিতার জন্মদিনে শিবপ্রসাদ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:০৮
শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কী বলছিলেন নন্দিতা রায়?

শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কী বলছিলেন নন্দিতা রায়? ছবি: ফেসবুক।

হাল্কা মিল ছিল চেহারায়। অনেকটা মিল চুলে। দু’জনেরই চুল ঢেউ খেলানো। রূপসজ্জাশিল্পী পাপিয়া চন্দের চোখে পড়েছিল সেটি। এ দিকে ছবিতে ইন্দিরা গান্ধীকে প্রয়োজন। অগত্যা ওই চরিত্রে বাছা হল প্রযোজক-পরিচালক নন্দিতা রায়কে! শট দিয়েই তাঁর ছায়াসঙ্গী এবং অন্যতম প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সে দিন ঠাট্টা করেছিলেন নন্দিতা। কপট আফসোসও করেছিলেন, নন্দিতাকে নিয়ে তো শিবপ্রসাদ কোনও দিন ভাবলেনই না!

Advertisement

শুক্রবার নন্দিতার জন্মদিন। এ দিন উইন্ডোজ় প্রযোজনা সংস্থার অন্যতম সদস্যকর্মী দীপায়ন সাহা প্রকাশ্যে আনেন সেই ছবি। পরনে সিল্কের শাড়ি। বাঁ হাতের কব্জিতে ঘড়ি। এক ফালি সাদা চুল মাথার মাঝখান দিয়ে গিয়েছে। অবিকল প্রাক্তন প্রধানমন্ত্রীর মতোই। কোন ছবিতে এই লুকে অভিনয় করলেন নন্দিতা? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল শিবপ্রসাদের সঙ্গে। তাঁর কথায়, “আমাদের গত পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এ ইন্দিরা গান্ধীর একটি ছোট্ট ভূমিকা ছিল। রূপসজ্জাশিল্পী পাপিয়া প্রথমে খেয়াল করেন, দিদির চুলে মেকআপ করিয়ে সেই ‘লুক’ আনা যাবে। শটে ইন্দিরা গান্ধীকে পিছন থেকে দেখানো হবে। ব্যস, আমরা দিদিকে অনুরোধ জানাই। তিনিও রাজি হন।”

টানা দু’ঘণ্টা রূপটান। ধীরে ধীরে নন্দিতা হয়ে ওঠেন ইন্দিরা! ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেন। দৃশ্যতে দেখা গিয়েছে, মুজিবুর রহমানের হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনা ভারতে এসেছেন। তাঁর দায়িত্ব সেই সময়ে ইন্দিরা গান্ধী তুলে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের হাতে। প্রণব তখন কেন্দ্রীয় মন্ত্রী বা ভারতের রাষ্ট্রপতি নন, রাজ্যসভার সদস্য‌‌‌‌‌‌। ইন্দিরাকে পিছন থেকে দেখানোর ফলে দর্শক ঘুণাক্ষরেও টের পাননি, ওই চরিত্রে নন্দিতা রায় অভিনয় করছেন। এই খবর জানে না ইন্ডাস্ট্রির বাকিরাও।

তাঁকে দেখে সে দিন সেটের বাকিরা মুগ্ধ। আয়নায় নিজেকে দেখে নন্দিতা কী বলেছিলেন? সে প্রসঙ্গে হেসে ফেলেছেন শিবপ্রসাদ। তাঁর কথায়, “নিজের ভোলবদল দেখে খুশি হয়েছিলেন দিদিও। শটশেষে রসিকতা করে বলেছেন, “দেখেছ, কেমন মানিয়েছে। তোমরা তো আমায় নিয়ে সিরিয়াসলি কোনও দিন ভাবলেই না!”

Advertisement
আরও পড়ুন