নীনা গুপ্তকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। ছবি: সংগৃহীত।
তাঁর মাতৃত্ব বরাবরই আলোচনায় থাকে। বলিউড নায়িকাদের মধ্যে তিনিই সম্ভবত প্রথম, যিনি ‘সিঙ্গল মাদার’ হয়েছিলেন। তাঁর মেয়ে মাসাবা গুপ্তের জন্মের সময় প্রায় ঝ়ড় উঠেছিল। যদিও সে সব এখন অতীত। মাসাবা এখন সংসারী, তাঁর নিজের সন্তান রয়েছে। অন্যদিকে নীনা ৪৯ বছর বয়সে বিয়ে করেন বিবেক মেহরাকে। এখন গুঞ্জন, ৬৬ বছর বয়সি নীনা নাকি মা হতে চলেছেন।
সম্প্রতি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল হায়দরাবাদে। সেই অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্কের শাড়ি পরেছিলেন, সঙ্গে হল্টারনেক ব্লাউজ়। সেখানেই অভিনেত্রীর শাড়ি পরার ধরন দেখে সমাজমাধ্যমে গুঞ্জন শুরু হয়। অনুষ্ঠানে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ছড়িয়েছে। কোনওটায় তিনি দাঁড়িয়ে, কোনওটায় বসে । সেখানেই নাকি তাঁর স্ফীতোদর লক্ষ করেছেন অনুরাগীরা।
নীনার যে ছবি ঘিরে গুঞ্জন। ছবি: সংগৃহীত।
কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘‘এই বয়সে মা হতে চলেছেন নীনা!’’ আবার কেউ কেউ লিখেছেন, ‘‘ওঁর জীবন, ওঁর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?’’ নীনাকে নিয়ে যখন জোর আলোচনা চারদিকে, অভিনেত্রী কিন্তু তখনও নীরব। এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি তিনি।