রহস্যে মোড়া ওটিটি! ছবি: সংগৃহীত।
‘রক্তাক্ত’ ওটিটি! এ সপ্তাহে শুক্রবার মুক্তি পাচ্ছে একগুচ্ছ ওটিটি সিরিজ় ও ছবি। তবে এই সপ্তাহ রহস্য-রোমাঞ্চপ্রেমীদের জন্য আরও একটু চমকপ্রদ। কারণ, বেশির ভাগ গল্পেই রয়েছে খুন ও রহস্যভেদের প্রসঙ্গ।
১) রাখ: ১৯৭৮ সালের বহুল-আলোচিত গীতা ও সঞ্জয় চোপড়া অপহরণকাণ্ড থেকে অনুপ্রাণিত এই থ্রিলার। পরতে পরতে রয়েছে রহস্য। এক পুলিশ আধিকারিক কী ভাবে রহস্যের সমাধান করবে, তা উঠে আসবে এই ওয়েব সিরিজ়ে। দেশ জুড়ে নির্মম অপরাধীদের ধরতে উঠেপড়ে লাগে সে। তদন্ত এগোতে থাকলে সেই পুলিশ আধিকারিক মানবিক নিষ্ঠুরতার কঠিন বাস্তবের মুখোমুখি হয়। এই সিরিজ়ে বহু দিন পরে অভিনয় করেছেন সোনালি বেন্দ্রে। তিনি ছাড়াও রয়েছেন আলি ফজ়ল, আমির বশির। ১২ জুন থেকে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে এই সিরিজ়।
২) তারকাটা: এই ওয়েব সিরিজ়ের মূল গল্প অগ্নি নামে এক জন প্রাক্তন পুলিশ আধিকারিককে কেন্দ্র করে। অগ্নির জীবন হঠাৎ থমকে যায়। রহস্য-রোমাঞ্চ থেকে ডার্ক হিউমর— সমস্ত স্বাদ রয়েছে এই ছবিতে। ছবিতে পুলিশ আধিকারিকের স্মৃতিভ্রম ঘটেছে। এক গ্যাংস্টারের ছেলের রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে সে দীর্ঘ দিন পরে নিজের দেশের বাড়িতে পুরনো শহরে ফিরে আসে। সত্য অনুসন্ধান করার সঙ্গে সঙ্গে তার অবদমিত বা চাপা পড়ে থাকা মানসিক আতঙ্কগুলো সামনে আসতে শুরু করে। অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার। জ়ি ফাইভে ১২ জুন থেকে দেখা যাবে ‘তারকাটা’।
৩) কুইন্স: গল্পের শুরু উত্তরবঙ্গের এক ক্ষমতাশালী রাজনৈতিক পরিবারের বিয়ের অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে আচমকা দুষ্কৃতীরা হামলা চালায় এবং পরিবারের বাবা ও তিন ছেলেকে সবার সামনে নৃশংস ভাবে গুলি করে খুন করে। বেঁচে থাকে পরিবারের মহিলারা— মীরা, সাবিত্রী, ঝুমা এবং পলি। তারাই প্রতিশোধ নিতে উদ্যত হয়। নির্ঝর মিত্র পরিচালিত সিরিজ়ে মীরার চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। হইচই-য়ে ১২ জুন থেকে দেখা যাবে এই সিরিজ়।
৪) ভূত বাংলা: প্রেক্ষাগৃহে প্রিয়দর্শন পরিচালিত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। হরর কমেডি ছবিতে বহু দিন পরে ফিরেছেন অক্ষয় কুমার। অনেকেই ‘ভুলভুলাইয়া’র সঙ্গে তুলনা টেনেছিলেন এই ছবির। মুক্তি পাওয়ার আগে অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছিল নির্মাতাদের। পরীক্ষক কমিটির নির্দেশ অনুযায়ী, ছবির ২৬ মিনিটের মাথায় থাকা একটি অশালীন শব্দ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া প্রায় এক ঘণ্টার মাথায় আরও কয়েকটি আপত্তিকর শব্দ সংশোধন করা হয়েছিল। ১২ জুন থেকে নেটফ্লিক্সে দেখানো হবে।
৫) পলিগ্যামিস্ট: জ়িম্বাবোয়ের লেখিকা সু ন্যাথির উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজ়ের কেন্দ্রে একজন নেটপ্রভাবী— জয়েস গোমোরা। তার সুখী দাম্পত্য ওলটপালট হয়ে যায় হঠাৎ। স্বামী জোনাসির একাধিক সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই সব বদলে যায়। দ্বিতীয় স্ত্রী, প্রেমিকা এবং বান্ধবী— সবকিছু সামনে আসার পর শুরু হয় অর্থ, ক্ষমতা এবং সামাজিক মর্যাদা নিয়ে তীব্র লড়াই। ১২ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ়।
৬) ম্যাটারনাল ইনস্টিংক্ট: গল্পের কেন্দ্রে রয়েছে টেলর পার্কার নামের এক ধনী পরিবারের তরুণী। নিজের প্রেমিককে ধরে রাখার জন্য সে ১০ মাস ধরে সিলিকনের নকল পেট ব্যবহার করে অন্তঃসত্ত্বা হওয়ার ভান করে। এমনকি, সে সমাজমাধ্যমে নকল স্ফীতোদরের ছবি দেয় এবং ভুয়ো আলট্রাসাউন্ড রিপোর্টও তৈরি করে। বিষয়টি শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নেয়। এই তথ্যচিত্র দেখা যাবে নেটফ্লিক্সে ১২ জুন থেকে।
৭) দৃদম: কেরলের গ্রামীণ শহর ইডুক্কিকে কেন্দ্র করে তৈরি এই মলয়ালম ক্রাইম থ্রিলার। মূল চরিত্র পুলিশকর্মী বিজয় রাধাকৃষ্ণন। নতুন কর্মস্থলে শান্তিপূর্ণ জীবন আশা করলেও, একটি পচাগলা মৃতদেহ উদ্ধারের পর সবকিছু বদলে যায়। এর পরেই ঘটে বড়সড় ব্যাঙ্ক ডাকাতি এবং একের পর এক রহস্যময় অপরাধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মধ্যে বিজয়কে সময়ের বিরুদ্ধে লড়াই করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে হয়। এই ছবি আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ১২ জুন থেকে জিয়ো হটস্টারে দেখা যাবে এই ছবি।