Ali Zafar

‘ধর্ষণ’ নিয়ে রসিকতা! ইয়ামি গৌতমকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলেন পাকিস্তানি অভিনেতা আলি জ়াফর?

বলিউডেও বেশ কিছু কাজ করেছেন আলি জ়াফর। ‘মেরে ব্রাদার কী দুলহন’, ‘ডিয়ার জ়িন্দেগি’র মতো ছবিতে নজর কেড়েছিলেন আলি। বলিউডের অভিনেত্রীদের অনেক সময়ে তিনি অস্বস্তিতেও ফেলেছিলেন বলে অভিযোগ উঠছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৩:৫০
ইয়ামি গৌতমকে অস্বস্তিতে ফেলেছিলেন আলি?

ইয়ামি গৌতমকে অস্বস্তিতে ফেলেছিলেন আলি? ছবি: সংগৃহীত।

আলোচনায় পাকিস্তানি অভিনেতা আলি জ়াফর। অভিনেতার বিরুদ্ধে ২০১৮ সালে ‘মিটু’ অভিযোগ এনেছিলেন পাক গায়িকা মীশা শাফি। পাল্টা মানহানির মামলা করেছিলেন আলি। সেই মামলায় জয়ীও হয়েছেন তিনি। শাফিকে এই মামলায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এর মধ্যেই উঠে এসেছে আলির বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য।

Advertisement

বলিউডেও বেশ কিছু কাজ করেছেন আলি জ়াফর। ‘মেরে ব্রাদার কী দুলহন’, ‘ডিয়ার জ়িন্দেগি’র মতো ছবিতে নজর কেড়েছিলেন আলি। বলিউডের অভিনেত্রীদের অনেক সময়ে তিনি অস্বস্তিতেও ফেলেছিলেন বলে অভিযোগ উঠছে। মুম্বইয়েরই এক সাক্ষাৎকারে ‘ধর্ষণ’ নিয়েও রসিকতা করেছিলেন তিনি। সেই মন্তব্য নিয়ে ফের কটাক্ষের মুখে পড়ছেন পাক অভিনেতা তথা গায়ক।

আলি সেই সাক্ষাৎকারে নিজের এক প্রাক্তন সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। সেই সম্পর্কে ঠিক কেমন অনুভূতি হত আলির? প্রশ্ন করেছিলেন সাংবাদিক। পাক অভিনেতা উত্তরে বলেছিলেন, “ধর্ষিত মনে হত। যেন চোখ দিয়ে ধর্ষণ করা হত!” সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছিলেন, “তার মানে আপনি বলতে চাইছেন, আপনি নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং দুর্বল বোধ করতেন? অথবা আপনার অস্বস্তি হত?” তখন হাসতে হাসতে আলি বলেছিলেন, “না না! আমার বেশ ভালই লাগত।” সাংবাদিক সপাটে তখন বলেছিলেন, “তা হলে এখানে ‘ধর্ষণ’ শব্দটি আমি গ্রহণ করছি না।”

ধর্ষণ নিয়ে আলির সেই মন্তব্য আলোচনায় উঠে আসতেই ফের তিনি কটাক্ষের শিকার হয়েছেন। বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গেও একটি সাক্ষাৎকার উঠে এসেছে আলোচনায়। ইয়ামি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এক যোদ্ধা রাজকুমারীর চরিত্রে অভিনয় করতে চান। সেই শুনে খোঁচা দিয়ে আলি মন্তব্য করেছিলেন, “যোদ্ধা রাজকুমারীদের কিন্তু পা দেখা যায়।” সেই মন্তব্যে অস্বস্তিতে পড়েছিলেন ইয়ামি। আর কোনও উত্তর দেননি অভিনেত্রী। শ্রদ্ধা কপূর ও পরিণীতি চোপড়াও এমনই পরিস্থিতিতে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে নেটাগরিক ক্ষুব্ধ আলির উপর।

Advertisement
আরও পড়ুন