Shows Canceled Of Punjabi Singer Karan Aujla

একের পর এক অনুষ্ঠান বাতিল কর্ণ অওজলার! বিপাকে পঞ্জাবি গায়ক, কেন হবে না তাঁর অনুষ্ঠান?

কখনও তাঁদের গানের ভাষা, কখনও দুর্বল উপস্থাপনা। সব মিলিয়ে বার বার শিরোনামে পঞ্জাবি গায়কেরা। এ বার অনুষ্ঠান বাতিল কর্ণের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:৪৫
এ বার বিপাকে কর্ণ অওজলা।

এ বার বিপাকে কর্ণ অওজলা। ছবি: সংগৃহীত।

বিপাকে আরও এক পঞ্জাবি গায়ক কর্ণ অওজলা। একের পর এক অনুষ্ঠান বাতিল তাঁর। ৩ এপ্রিল কলকাতায় অনুষ্ঠান করেছেন তিনি। এর পরেই খবর, লখনউ ও লুধিয়ানার অনুষ্ঠান বাতিল হয়েছে তাঁর। ব্যতিক্রম ৫ এপ্রিলে জয়পুরের কনসার্ট। ওই অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

Advertisement

কেন কর্ণের এতগুলো অনুষ্ঠান বাতিল হল? খবর, নেপথ্যে রয়েছে গায়কের সাম্প্রতিক মুম্বই শো। ৩ মার্চ মুম্বইয়ের এমএমআরডিএ মাঠে দোল উদ্‌যাপনের জন্য আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গায়ক। দর্শকের অভিযোগ, উদ্যোক্তারা অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন করতে পারেননি। দুপুরের প্রচণ্ড গরমে, খোলা আকাশের নীচে অনুষ্ঠানটি হওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ। অস্বাভাবিক ভিড়ে পদদলিত হওয়ার মতো ঘটনাও নাকি ঘটেছিল।

এর ফলে দর্শক-অনুরাগীদের সমালোচনার মুখে পড়তে হয় কর্ণকে। খবর, এর পরেই তাঁর ১০ এপ্রিল লখনউ এবং ১২ এপ্রিল লুধিয়ানার অনুষ্ঠান বাতিল হয়।

উদ্যোক্তারা ইতিমধ্যেই সমাজমাধ্যমে অনুষ্ঠান বাতিলের খবরটি জানিয়েছেন। কর্ণের গান শুনবেন বলে যাঁরা আগাম টিকিট কিনেছিলেন, তাঁদের টিকিটের দাম ৫-৭ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, মুম্বই কনসার্ট নিয়ে সমালোচনার মুখে পড়ার পরে কর্ণ একই শহরে ‘মুম্বই ২.০’ নামে আর একটি নতুন শো-এর ঘোষণা করেছিলেন। সেই অনুষ্ঠানটিও হওয়ার কথা ছিল ১২ এপ্রিল রাতে মহালক্ষ্মী রেসকোর্সে।

কর্ণ সম্প্রতি তাঁর ‘পি-পপ কালচার ইন্ডিয়া ট্যুর’ নিয়ে ব্যস্ত। ২৮ ফেব্রুয়ারি গায়ক দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে সফর শুরু করেন। মুম্বইয়ের অনুষ্ঠানে সমালোচিত হওয়ার পরে ৩ এপ্রিল কলকাতায় অনুষ্ঠান করেন। গায়কের দিল্লি এবং কলকাতার দুটো অনুষ্ঠানই সাড়া ফেলেছে বলে দাবি উদ্যোক্তা এবং শ্রোতাদের।

Advertisement
আরও পড়ুন