Rajkummar Rao

শরীর ভারী, কাঁচাপাকা চুল-দাড়ি! মুখে অস্ত্রোপচারের খবর আগেই ছড়িয়েছিল, এ বার কি অসুস্থ রাজকুমার?

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও। পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট। উশকোখুশকো কাঁচাপাকা চুল। এক মুখ দাড়ি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩
Rajkummar Rao suddenly gained weight and his fans are worried

কী হয়েছে রাজকুমারের? ছবি: সংগৃহীত।

বছরখানেক আগে খবর ছড়ায়, অস্ত্রোপচারের মাধ্যমে থুতনি ধারালো করেছেন রাজকুমার রাও। নাকের গড়নেও নাকি বদল এনেছেন। কিন্তু এ বার অভিনেতাকে দেখে আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। বেড়ে গিয়েছে অনেকটা ওজন। আচমকাই যেন বয়সের ছাপ পড়েছে তাঁর চেহারায়। কী হয়েছে অভিনেতার?

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও। পরনে কালো রঙের প্যান্ট ও শার্ট। উশকোখুশকো কাঁচাপাকা চুল, এক মুখ দাড়ি, চোখে চশমা। কিন্তু এতটা ওজন বেড়ে গেল কী ভাবে? অভিনেতা কি অসুস্থ? প্রশ্ন উঠছে।

সোমবার দীর্ঘ পোস্টে সবটা খোলসা করেন রাজকুমার। জানান, তাঁর ১০ কেজি ওজন বেড়েছে। সদ্য ‘নিকাম’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। আইনজীবী উজ্জ্বল নিকামের জীবনীচিত্র এটি। এই চরিত্রের জন্যই চেহারায় বদল আনতে হয়েছে অভিনেতাকে।

রাজকুমার এক দীর্ঘ পোস্টে লেখেন, “শিল্পের মাধ্যমেই আমার অস্তিত্ব বজায় থাকে। ‘নিকাম’-এর শুটিং শেষ হল। এর জন্য ওজন বৃদ্ধি করতেই হত। চরিত্রের জন্য চেহারায় বদল আনতে আমার ভালই লাগে। আমি প্রস্থেটিকে বিশ্বাস করি না। আমি যেটা নিজেই করতে পারব, সেটা পরিশ্রম করেই করব।”

এই চরিত্রের জন্য চুলের পরিমাণও কমাতে হয়েছে রাজকুমারকে। প্রসাধনী শিল্পী বারণ করা সত্ত্বেও তিনি নিজের মাথার চুল কমিয়েছেন। ‘বোস’ সিরিজ়ের সময়ও টাকমাথার প্রয়োজন ছিল। প্রসাধনীর সাহায্য না নিয়েই তিনি মাথা কামিয়ে নিয়েছিলেন।

কী ভাবে ওজন বাড়িয়েছেন রাজকুমার? অভিনেতার বক্তব্য, “আমি দিনে দুটো করে পিৎজ়া খেতাম। প্রচুর মিষ্টি খেয়েছি। আমার প্রিয় আলুর পরোটা ও বিরিয়ানিও খেয়েছি। আশা করছি, ছবিটা শীঘ্রই মুক্তি পেলে আপনারা দেখতেই পাবেন, কতটা পরিশ্রম রয়েছে।”

এ বার ওজন কমানোর পালা রাজকুমারের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য ওজন কমাতে শুরু করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন