নীতু কপূরের ছবির বিশেষ প্রদর্শনীতে রণবীর এবং আলিয়া। ছবি: সংগৃহীত।
তিনি মিষ্টভাষী বলেই জানে সবাই। সচরাচর বিরক্তি বা রাগ— কোনওটাই দেখা যায় না রণবীর কপূরের ব্যবহারে। কিন্তু মঙ্গলবার রাতে ফ্রেমবন্দি এক অন্য রণবীর। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে রাতারাতি। যেখানে দেখা যাচ্ছে, আঙুল তুলে গম্ভীর মেজাজে কথা বলতে দেখা যাচ্ছে রণবীর কপূরকে। তাতেই অনেকে ধরে নিয়েছিলেন, রেগে গিয়েছেন বুঝি রণবীর। আসলে ঠিক কী ঘটেছিল?
মঙ্গলবার ‘মেরি দাদি কি শাদি’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন রণবীর এবং আলিয়া ভট্ট। কালো পোশাকে সকলের নজর কাড়েন অভিনেত্রী। অন্য দিকে, নায়ককে দেখা গিয়েছে একেবারে ‘ক্যাজ়ুয়াল’ লুকে। তাঁদের দেখতেই ঘিরে ধরেন ছবিশিকারিরা। সেখানেই বাধে গন্ডগোল। নায়ক-নায়িকার এক ঝলক দর্শন পেতে অস্থির হয়ে ওঠেন সবাই। গাড়ি থেকে নেমে দাঁড়ানোই সমস্যা হয়ে গিয়েছিল। পরিস্থিতি দেখে তা সামাল দিতে তৎপর হন রণবীর। আলিয়ার হাত ধরে ছবিশিকারিদের সামাল দেওয়ার চেষ্টা করছিলেন।
ছবিশিকারিদের উদ্দেশ্যে নায়ক বলেন, “আপনারা ভাল ছবি তুলতে চান তো? তা হলে সরে দাঁড়ান। আমরা ভিতরে গিয়ে দাঁড়াচ্ছি। সবাই ঠিকঠাক ফ্রেম পাবেন। ছবিও তুলতে পারবেন।” রণবীরের সমাধান শুনে কিছুটা ধাতস্থ হন সবাই। কারণ, বলিতারকাদের ছবির উপরে পারিশ্রমিকের অনেকাংশ নির্ভর করতে হয় তাঁদের। ফলে, প্রথমে রণবীরের ব্যবহারে একটু ঘাবড়ে গিয়েছিলেন সবাই। পরে অবশ্য পরিস্থিতি বুঝতে পেরে সবাই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সংযত হন।
‘মেরি দাদি কি শাদি’ ছবিতে অভিনয় করেছেন নীতু কপূর। মায়ের অভিনীত ছবি দেখার জন্য এমনিই উত্তেজিত ছিলেন রণবীর। তার পরে ছবি দেখে বেরিয়ে একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ় দেন নায়ক এবং তাঁর স্ত্রী আলিয়া।