Honey Singh mental health

‘মাথা পুরো টাক, পরচুলা পরি’! বন্ধ করতেন না শৌচালয়ের দরজা, নিজেকে কেন ‘মৃত’ ভাবতেন হনী সিংহ?

নিজেকে বছরের পর বছর ধরে ঘরে আটকে থাকা রেখে থেকে ঈশ্বরে বিশ্বাস— কেমন ছিল সেই সময়? একটা সময়ে মৃত্যুভয়ও হনীর উপর জাঁকিয়ে বসেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৫৫
পরচুলা পরেন হনী!

পরচুলা পরেন হনী! ছবি: সংগৃহীত।

একসময় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন হনী সিংহ। মানসিক স্বাস্থ্যেও পড়েছিল গভীর প্রভাব। নিজেকে বছরের পর বছর ধরে ঘরে আটকে থাকা রেখে থেকে ঈশ্বরে বিশ্বাস— কেমন ভাবে কেটেছিল সেই সময়টা? একটা সময়ে মৃত্যুভয়ও তাঁর উপর জাঁকিয়ে বসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমস্ত নিয়েই মুখ খোলেন গায়ক।

Advertisement

হনী জানান, আমেরিকায় শাহরুখ খানের সঙ্গে গিয়েছিলেন তিনি। হনীর কথায়, “আমি শাহরুখ ভাইয়ের সঙ্গে আমেরিকা গিয়েছিলাম একটি অনুষ্ঠানের কাজের জন্য। এতই ভয় পেয়েছিলাম যে, অনুষ্ঠানটাই এড়িয়ে যেতে চেয়েছিলাম আমি।”

হনী এ-ও বলেন, “আমার মনে হচ্ছিল মঞ্চেই মারা যাব। তাই ভাবলাম, কী ভাবে অনুষ্ঠানটা এড়ানো যায়! তখন আমি মাথার অর্ধেক চুল কেটে ফেলেছিলাম। কিন্তু, ওরা বলল, টুপি পরিয়ে দেবে। তখন মনে হচ্ছিল, কেউই আমার অবস্থাটা বুঝছে না।” ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন হনী। নিজের মনের অবস্থা কাউকে বোঝাতে পারছিলেন না। তাঁর কথায়, “টানা সাত বছর আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। আমি চাইনি, ভক্তরা আমাকে ওই অবস্থায় দেখুক। ছোটবেলার বন্ধুদের সঙ্গেও দেখা করিনি। কারও সঙ্গে যোগাযোগ ছিল না। ফোন, ইন্টারনেট কিছুই ব্যবহার করতাম না। মানুষ ভাবত, আমার সঙ্গে নাকি ‘শয়তান’ কথা বলে।”

সাত বছর নিজের বাড়ির বাইরে বেরোননি হনী। আর টানা তিন বছর নিজের শোয়ার ঘর থেকে বেরোতে পারেননি তিনি। তাঁর কথায়, “এমনকি, স্নান করার সময়েও শৌচালয়ের দরজা খোলা রাখতাম। কারণ, মনে হত আমি মারা যাব। ‘বাইপোলার ডিজ়অর্ডার’ ভয়ঙ্কর চিন্তার মধ্যে নিয়ে যায়।”

২০১৮ ও ২০১৯ সালে তাঁর অবস্থা আরও খারাপ হয়েছিল, নিজেই জানান হনী। স্মৃতি হাতড়ে বলেন, “তখন আমার মনে হত আমি আগেই মারা গিয়েছি। মনে হত আমি যেন স্বর্গ আর নরকের মাঝখানে কোথাও আটকে আছি। মা যখন খাবার দিতেন, তখন ভাবতাম এটাই হয়তো আমার জীবনের শেষ খাবার।”

দীর্ঘদিন ওষুধ খেয়ে শরীরের উপরেও প্রভাব পড়ে তাঁর। “সাত বছর ওষুধ খেয়েছি। ওজন ১০৫ কেজি হয়ে গিয়েছিল। সব চুল পড়ে গিয়েছিল।” বর্তমানেও তিনি একটি পরচুলা পরেন। জানান হনী সিংহ। তাঁর স্বীকারোক্তি, “এটা আসলে নকল চুল, আমার মাথা পুরো টাক।”

এমনও একটা সময় হনীর জীবনে আসে, যখন তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। সেই সময়ে তিনি নাকি ঈশ্বরকে বলেছিলেন, “আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অসম্মান করেছি। তোমার ওপর বিশ্বাস করিনি। এখন তুমি যেই হও, যেমনই হও, আমি তোমাকে সম্মান করব। কারণ আমি তোমার কাছে একটা জিনিস চাই। সেটা হল মৃত্যু।” নিজেকে আর সামলাতে পারছিলেন না বলে ঈশ্বরের কাছে ‘মৃত্যু’ চাইছিলেন তিনি। “তবে আমি মৃত্যু পাইনি। আমি বাঁচার একটা কারণ পেয়েছিলাম,” সাক্ষাৎকারে বলেন হনী। ঈশ্বরের উপর বিশ্বাস রেখেই নাকি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।

Advertisement
আরও পড়ুন