রণবীরকে নিয়ে কী মত মনোজ ও পুনমের? ছবি: সংগৃহীত।
‘ডন ৩’ বিতর্কের জেরে ‘নিষিদ্ধ’ হয়েছেন রণবীর সিংহ। অভিযোগ, চুক্তিতে সই করে তিনি শুটিং শুরুর আগের মুহূর্তে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন, যার ফলে প্রযোজনা সংস্থার কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) মধ্যস্থতা করতে এলেও রণবীর সহযোগিতা করেননি বলে অভিযোগ। এর জেরে এফডব্লিউআইসিই ‘ধুরন্ধর’ অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিনেতাকে নিষিদ্ধ করা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন বলিউডের অন্য অভিনেতারা।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা মনোজ বাজপেয়ী জানান, ঘটনার খুঁটিনাটি মানুষ সমাজমাধ্যম থেকেই জানতে পারছে। বিশদে কেউ কিছুই জানেন না। তাঁর কথায়, “আমি একটাই কথা বলব, ইন্ডাস্ট্রির মানুষও বিষয়টি সম্পর্কে সমাজমাধ্যম থেকেই জানতে পারছেন। কেউ নেপথ্যের ঘটনা বিশদে জানেন না। তবে সহকর্মী হিসাবে এবং একই জগতের মানুষ হিসাবে এটুকুই বলতে পারি, বিষয়টির দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”
পরিচালক সঞ্জয় গুপ্তও নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছেন। তিনি এফডব্লিউআইসিই-এর সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “প্রথম সারির কোনও তারকা যখন শুটিং করেন, তাঁর সঙ্গে ৩০০ জন কর্মীও কাজ করেন। আপনি তারকাকে নিষিদ্ধ করতেই পারেন। কিন্তু আপনি শুধু তাঁর উপরেই নিষেধাজ্ঞা জারি করছেন না। আপনি বাকি কর্মীদের জীবিকার উপরেও কোপ ফেলছেন। এর কি কোনও মানে হয়?”
অভিনেত্রী পুনম ঢিলোঁ সিনটা (সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন)-এর সভাপতি। কেন এই সংগঠনকে ফরহান আখতারের প্রযোজনা সংস্থা এবং রণবীর, উভয় পক্ষই বিষয়টি নিয়ে কিছু জানাচ্ছেন না, তা নিয়ে হতাশ পুনম। তাঁর কথায়, “আমাদের অন্তত বিষয়টি জানানো উচিত ছিল। কিন্তু কোনও পক্ষই আমাদের কিছু বলেনি। তাই আমরা জানি না ঠিক কী বলা উচিত এই বিষয়ে। কারণ আমরা বিশদে কিছুই জানি না।” বিষয়টি সম্পর্কে বিশদে তথ্য পাওয়া না পর্যন্ত কোনও পক্ষের হয়ে কথা বলতে নারাজ বর্ষীয়ান অভিনেত্রী।