Karan Kundrra-Tejaswi Prakash

‘মেয়েদের ছাড়া ওর পার্টি চলে না’, স্বামীর ‘মহিলাসঙ্গ’ নিয়ে স্ত্রীর গর্বিত মন্তব্য! বিতর্কে কর্ণ-তেজস্বী

‘দেসি ব্লিং’ নামে এই রিয়্যালিটি শোয়ের বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ঘুরছে। সেখানে দুবাইয়ের দুই শিল্পপতি দম্পতি তাঁদের বিলাসবহুল জীবনযাপনের কথা ফলাও করে বলছেন, যা শুনে বিগলিত কর্ণ ও তেজস্বী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১২:৫৮
সতীশ-তবিন্দার মন্তব্যে বিতর্কে কর্ণ-তেজস্বী!

সতীশ-তবিন্দার মন্তব্যে বিতর্কে কর্ণ-তেজস্বী! ছবি: সংগৃহীত।

স্বামী প্রতিদিন বিভিন্ন মহিলার সঙ্গে পার্টি করছেন অথবা ঘনিষ্ঠ হচ্ছেন। কিন্তু আপত্তি নেই স্ত্রীর। সম্প্রতি কর্ণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের রিয়্যালিটি শো-তে এসে এমনই মন্তব্য করেছেন দুবাইয়ের শিল্পপতি দম্পতি সতীশ সনপাল ও তবিন্দা সনপাল। বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় নেটপাড়ায়। নতুন প্রজন্মকে ভুল বার্তা দিচ্ছেন কর্ণ ও তেজস্বী, এমন অভিযোগও উঠছে। ছোটপর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যও আপত্তি জানিয়েছেন।

Advertisement

‘দেসি ব্লিং’ নামে এই রিয়্যালিটি শোয়ের বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ঘুরছে। সেখানে দুবাইয়ের এই শিল্পপতি দম্পতি তাঁদের বিলাসবহুল জীবনযাপনের কথা ফলাও করে বলছেন, যা শুনে বিগলিত হয়েছেন কর্ণ ও তেজস্বী। তবিন্দা গর্ব করে বলেছেন, তাঁর স্বামীর পার্টিতে মহিলারা থাকবেন না, তা হতেই পারে না। বিবাহবহির্ভূত সম্পর্ককে খুব স্বাভাবিক ভাবেই তুলে ধরেছেন তিনি।

একটি ভিডিয়োয় সতীশের শিল্পপতি স্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “সতীশ প্রায়ই পার্টি করতে যায়। আমি জানি ও রোজই বিভিন্ন মেয়েদের নিয়ে পার্টি করতে যায়। নতুন মেয়েদের নিয়ে গেলে সমস্যা নেই। কিন্তু রোজই যদি একই মহিলার সঙ্গে পার্টি করে, তা হলে একটা সমস্যা হতে পারে।” এর পরেই হাসতে হাসতে তিনি বলেন, “আসলে সতীশের পার্টি মেয়েদের ছাড়া সম্পূর্ণই হবে না।” এই শুনে তেজস্বীও হেসে ওঠেন। তার পরেই ধেয়ে আসে কটাক্ষের বাণ।

পরিচালক লক্ষ্মী আয়ার এই ঘটনার নিন্দা করে সমাজমাধ্যমে লেখেন, “এক রিয়্যালিটি শোয়ের ভিডিয়ো দেখলাম। স্বামী সম্পর্কে প্রতারণা করছে, এই নিয়ে স্ত্রীর কোনও আপত্তি নেই, যদি না সে একই মহিলার সঙ্গে বার বার ঘনিষ্ঠ হয়।” হতাশা প্রকাশ করে লক্ষ্মী লিখেছেন, “এই জঘন্য বিষয়টিকে স্বাভাবিক করে তোলা বন্ধ হোক। আধুনিক হওয়ার নামে এই ধরনের দৃষ্টান্ত যেন তৈরি করা না হয়। সম্পর্কে বিশ্বস্ত থাকা সত্যিই আকর্ষণীয়। যে মানুষ সৎ, তিনি সুন্দর। সমাজমাধ্যম এর ঠিক উল্টোটা বোঝাতে চাইছে। সেটা হতে দেবেন না।”

লক্ষ্মীর এই পোস্টে সহমত দেবলীনাও। তিনি মন্তব্য করেছেন, “আসলে একই মহিলার সঙ্গে বার বার গেলে পুরুষ প্রেমে পড়ে যেতে পারে!” নেটাগরিকও সতীশ ও তবিন্দার মন্তব্যের নিন্দা করছেন।

Advertisement
আরও পড়ুন