এআর রহমানের ধর্মীয় বিভাজন প্রসঙ্গে কী মত সেলিমের? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগে ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন এআর রহমান। তার পরে দীর্ঘ বিবৃতিতে জানান, তাঁর বার্তা ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেশকে তিনি কতটা ভালবাসেন, তা নিয়েও দীর্ঘ ব্যাখ্যা দেন সুরকার। এই মুহূর্তে তিনি আসন্ন ছবি ‘রামায়ণ’-এর সুর নিয়ে ব্যস্ত। এই বিষয়টি নিয়ে মুখ খুললেন সেলিম মার্চেন্ট।
বলিউডে সত্যিই ধর্মীয় বিভাজনের মতো বিষয় থাকলে কি ‘রামায়ণ’-এ সুর করতে পারতেন রহমান? এই প্রশ্নও উঠে আসে সেলিমের মন্তব্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মীয় বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয় না, বলিউডে এমন কিছু আছে। রহমান যা যা বলেছেন, তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তিনি হয়তো তাঁর অভিজ্ঞতা দিয়ে যা বলার বলেছেন। কিন্তু আমার মনে হয় না, বিষয়টি সত্যিই এমন।”
এই প্রসঙ্গেই উঠে আসে এআর রহমানের ‘রামায়ণ’ ছবিতে সুর করার প্রসঙ্গ। সেলিম বলেন, “ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ছবিতে সুর করছেন রহমান। সেই ছবি আবার হিন্দু পুরাণ নিয়ে তৈরি। তাই এর পরে আমার আর মনে হয় না, বলিউডে ধর্মীয় বিভাজন রয়েছে। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। ওঁর হয়তো নিজের কোনও অভিজ্ঞতা থাকতেই পারে।”
উল্লেখ্য, মাস কয়েক আগে রহমান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুখের উপর তাঁকে কিছু বলা না হলেও, ধর্মীয় বিভাজনের জন্যই হয়তো কাজ হারিয়েছেন। পরে ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন রহমান। তাঁর বক্তব্য, তিনি সঙ্গীতের মাধ্যমে সব সময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।