ছবি: সংগৃহীত।
দর্শক এখন তাকে লাজো বলেই ডাকে। অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় দশম শ্রেণির ছাত্রী। চলছে প্রথম বোর্ডের পরীক্ষা। শুটিংয়ের ফাঁকে পরীক্ষার চাপ কী ভাবে সামলাচ্ছে সে? সেই সঙ্গে সাইনার পরীক্ষার দিনেও মা সংযুক্তা চট্টোপাধ্যায়কে শহরের বাইরে যেতে হয়। মা দূরে, সঙ্গে শুটিং। তার মধ্যে কেমন পরীক্ষা দিল সাইনা?
পড়াশোনার জন্য আপাতত ফোন থেকে দূরে সাইনা। অভিনেত্রী মা বললেন, “মা-মেয়ে সারা ক্ষণ একসঙ্গেই থাকি। তাই ওর অঙ্ক পরীক্ষার দিনেই যখন আমাকে বাইরে যেতে হয়েছিল খুব মনখারাপ হয়েছিল। যখন বেরিয়েছিলাম, তখন ডল(সাইনা) ঘুমোচ্ছিল। তাই আরও মনখারাপ হচ্ছিল। ভালই পরীক্ষা হচ্ছে ওর। আমি সেই দিন রাতেই ফিরে আসি। রোজ তো আমিই ওকে নিয়ে যাই পরীক্ষা দেওয়ার জন্য। আবার নিয়ে আসি। সেই দিন কষ্ট হচ্ছিল যদিও।”
তবে বাকি দিনগুলো মেয়ের সঙ্গেই সারা ক্ষণ থাকছেন মা সংযুক্তা। পরীক্ষার সময় অনুযায়ী শুটিংয়ের সময় নিয়েছেন তাঁরা। সংযুক্তা জানান, তিনি আগে থেকেই প্রযোজনা সংস্থাকে জানিয়ে দিয়েছিলেন, কবে কবে সাইনার পরীক্ষা রয়েছে। কারণ, তিনি চান না সাইনার পরীক্ষার জন্য প্রযোজনা সংস্থার ক্ষতি হোক। আবার শুটিংয়ের জন্য সাইনার পরীক্ষায় ব্যাঘাত ঘটুক সেটাও চান না সংযুক্তা।