Bengali serials Competition

বাংলা ধারাবাহিকে বিনিয়োগে আগ্রহী বনি, ছোটপর্দায় কি লাভ বেশি? কী বলছেন প্রযোজকেরা?

বক্সঅফিসে প্রতিযোগিতা, ছবি প্রদর্শনের সময় নিয়েও নানা জন নানা মত দিয়েছেন। এত বিতর্কের মাঝে শাখা-প্রশাখা ছড়িয়েছে ছোটপর্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০
ছোটপর্দা না বড়পর্দা, প্রতিযোগিতায় কে এগিয়ে?

ছোটপর্দা না বড়পর্দা, প্রতিযোগিতায় কে এগিয়ে? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে টলিপাড়ার অন্দরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এসেছে প্রকাশ্যে। বক্সঅফিসে প্রতিযোগিতা, ছবি প্রদর্শনের সময় নিয়েও নানা জন নানা মত দিয়েছেন। এত বিতর্কের মাঝে শাখা-প্রশাখা ছড়িয়েছে ছোটপর্দা। নিত্যদিন নতুন ধারাবাহিক আর নতুন অভিনেতাদের আনাগোনা। প্রযোজকেরাও কি তা হলে মনে করছেন যে, ছোটপর্দায় কাজ করলে লাভ বেশি?

Advertisement

কিছু দিন আগে আনন্দবাজার ডট কম-কে এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত জানিয়েছিলেন, তিনি এবং কৌশানী মুখোপাধ্যায় ছোটপর্দায় প্রোডাকশন শুরুর কথা ভাবছেন। সম্প্রতি, ‘ক্যামেলিয়া প্রোডাকশন’-ও ধারাবাহিক শুরু করছে বলে খবর পাওয়া গিয়েছে। ছোটপর্দায় লাভ বেশি বলেই কি প্রযোজকেরা এই দিকেই ঝুঁকছেন?

এ প্রসঙ্গে প্রযোজক নীলরতন দত্ত বললেন, “যে কোনও ব্যবসায় বাণিজ্য তো গুরুত্বপূর্ণ। তবে ধারাবাহিকের ক্ষেত্রে সহজে দর্শকের কাছে পৌঁছোনো যায়। তা বলে ধারাবাহিকে লাভ বেশি, তা হলফ করে বলা কঠিন। কারণ, কোন ধারাবাহিক চলবে আর কোনটা চলবে না তা নিশ্চিত করে কী করে বলব? পুরোটাই দর্শকের উপর নির্ভর করে। তাই ছোটপর্দা বাণিজ্যে এগিয়ে আছে, তা আমি এখনই বলতে পারছি না।”

অন্য দিকে বনি নিজের প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিককেই সঠিক পথ হিসাবে মনে করছেন। কারণ, লাভের মুখ দেখাই মূল লক্ষ্য। বনি বললেন, “মাঝের অনেকটা সময় আমাদের ফাঁকা গিয়েছে। আগের ছবির স্বত্ব বিক্রি করে, অন্তত যে টাকা বিনিয়োগ করেছিলাম সেটা উঠে এসেছে। কিন্তু আমাদের যে পার্টনার রয়েছেন ব্যবসায়, তাঁকেও তো ভরসা দিতে হবে! ছোটপর্দায় বিনিয়োগ করলে লাভের মুখ হয়তো সহজে দেখতে পাব। তবে আমরা ওয়েব সিরিজ় তৈরির কথা ভাবছি। এত কিছুর পরেও, ছোটপর্দা আর বড়পর্দার মধ্যে প্রতিযোগিতা হয় বলে নিশ্চিত করে বলতে পারি না।”

প্রযোজক সানি ঘোষের মতেও বড়পর্দায় যে ভাবে কাজ হয়, ছোটপর্দায় কাজের ধরন আলাদা। তিনি যোগ করেন, “আমার মতে ছোটপর্দাতেও কেউ নিশ্চিত ভাবে বলতে পারেন না যে, লাভ হবেই। আসলে বিষয়টা হল, এটা ঠিক যেহেতু চ্যানেলের সঙ্গে চুক্তি থাকে, তাই মাসে একটা অঙ্ক আসবেই। কিন্তু, ধারাবাহিক যদি বেশি দিন না চলে, তা হলে সেটা বন্ধও হয়ে যেতে পারে। তাই কোনও কিছুই নিশ্চিত নয় এই ইন্ডাস্ট্রিতে।” উল্লেখ্য, ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, শহর এবং শহরতলি অঞ্চলে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দার তারকাদেরও বিপুল জনপ্রিয়তা। সেখান থেকেই অনেকেই তাই ধরে নেন, বড়পর্দার চেয়ে অনেকটাই এগিয়ে ছোটপর্দা।

Advertisement
আরও পড়ুন