FIFA World Cup 2026

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব, কঙ্গোকে হারিয়ে সব কঠিন করে দিয়েছে কলম্বিয়া, কোন অঙ্কে সম্ভব মহাদ্বৈরথ?

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আর্জেন্টিনা এবং পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এগোলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারত। কিন্তু ডিআর কঙ্গোকে হারিয়ে অঙ্ক জটিল করে দিয়েছে কলম্বিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২৩:০১
picture of football

(বাঁ দিকে) লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে)। ছবি: এক্স।

ফুটবল বিশ্বকাপে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্ভাব্য দ্বৈরথ নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগালের। ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার এই দ্বৈরথ কি শেষ পর্যন্ত হবে। কলম্বিয়া ১-০ ব্যবধানে ডিআর কঙ্গোকে হারিয়ে অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে।

Advertisement

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে এই মুহূর্তে শীর্ষে কলম্বিয়া। দু’ম্যাচ জিতে তাদের পয়েন্ট ৬। দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। গ্রুপের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে তারা। ম্যাচ ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে যাবে কলম্বিয়া। অন্য দিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয় ছাড়া পথ নেই রোনাল্ডোদের।

‘জে’ গ্রুপে শীর্ষে রয়েছেন মেসিরা। গ্রুপের শেষ ম্যাচে জর্ডনের কাছে হারলেও শীর্ষে থাকবে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যারা জিতবে তাদেরও ৬ পয়েন্ট হবে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে মেসিদের কাছে হারায় তারা দ্বিতীয় স্থানেই শেষ করবে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে থাকলে ৪ জুলাই দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় থাকা দল। যে গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, কাবো ভার্দে এবং সৌদি আরব। শেষ ষোলোয় মেসিদের খেলতে হবে ‘ডি’ ও ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানের দলের সঙ্গে। তার পর কোয়ার্টার ফাইনাল। অন্য দিকে, পর্তুগাল গ্রুপ শীর্ষে থাকলে দ্বিতীয় রাউন্ডে তাদের খেলতে হবে ‘ডি’, ‘ই’, ‘আই’, ‘জে’ বা ‘এল’ গ্রুপের তৃতীয় দলের সঙ্গে। সেই ম্যাচ জিতলে প্রিকোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের এক নম্বর দল অথবা ‘জে’ গ্রুপের তৃতীয় দল।

আর্জেন্টিনার মতো পর্তুগালও গ্রুপে শীর্ষে শেষ করলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দু’দল। কিন্তু রোনাল্ডোরা গ্রুপ রানার্স হলে বিশ্বকাপের সূচির অন্য ভাগে চলে যাবেন। সে ক্ষেত্রে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হতে পারে ফাইনালে। এর চেয়ে ভাল আর কী হতে পারে! লা লিগায় অবশ্য এই দ্বৈরথ দেখা গিয়েছে বেশ কয়েক বার।

Advertisement
আরও পড়ুন