প্রাক্তন প্রেমিকের সঙ্গে কী কথা হয়েছিল সঞ্চিতার? ছবি: সংগৃহীত।
অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যু ঘিরে যখন নানা আলোচনা চলছে, তখনই সমাজমাধ্যমে ছড়িয়েছে কয়েকটি স্ক্রিনশট। সেগুলি সঞ্চিতারই বলে জানা যাচ্ছে। তবে এই স্ক্রিনশটগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলিতে প্রাক্তন প্রেমিক উজ্জ্বল শর্মার বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে সঞ্চিতাকে। একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সঞ্চিতা তাঁর এক বন্ধুকে লিখেছেন, “জানো আজ কী হয়েছে? আমি চিত্রনাট্য পড়তে এসেছিলাম, আর সেখানে নায়ক কে জানো? উজ্জ্বল।”
এই স্ক্রিনশটগুলির মধ্যে একটি দীর্ঘ মেসেজও রয়েছে। বন্ধুর সঙ্গে কথোপকথনে সঞ্চিতা উল্লেখ করেন, এই দীর্ঘ বার্তা তিনি উজ্জ্বলকে পাঠিয়েছিলেন। সেই দীর্ঘ বার্তায় রয়েছে প্রচুর ক্ষোভ। সঞ্চিতা লিখেছিলেন, “তুমি খুব সস্তা মানসিকতার মানুষ। আমি সত্যিই জানতাম না যে, তোমার মতো মানুষও হয়। তুমি আমাকে ‘জঘন্য’ বলেছ! কিন্তু জঘন্য তো তুমি।”
স্ক্রিনশটের এক জায়গায় দেখা গিয়েছে, সঞ্চিতা লিখেছিলেন, উজ্জ্বল নাকি তাঁর বাড়িতে অন্য মহিলাদের ডাকতেন এবং তাঁদের কাছে টাকা চাইতেন। তার পরে সেই মেয়েদের দুর্বলতা খুঁজে বার করে তাঁদেরই সমালোচনা করতেন।
সঞ্চিতা আর্থিক সাহায্য চাইছেন, এমন দাবি করেছিলেন উজ্জ্বল। স্ক্রিনশটের কথোপথনে তা উঠে আসে। উজ্জ্বলকে তাই সঞ্চিতা লিখেছিলেন, “আমি যেমনই হই না কেন, আমার মধ্যে এটুকু আত্মসম্মানবোধ আছে যে, আমি অন্য কারও টাকায় বাঁচি না। কারও টাকা নেওয়ার আগে আমি মরে যাব, তা-ও ভাল।”
সঞ্চিতা আরও অভিযোগ করেছেন যে, উজ্জ্বল নাকি তাঁর আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন। মানসিক ভাবে চাপে রেখেছিলেন বলেও অভিযোগ। শেষমেশ উজ্জ্বলকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দেন সঞ্চিতা।
সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলালও বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন উজ্জ্বলের বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে ইন্দ্রাক্ষী দাবি করেন, সঞ্চিতা নিজের সমস্যার কথা প্রায়ই বলতেন। ইন্দ্রাক্ষীরও অভিযোগ, উজ্জ্বল তাঁকে মানসিক ভাবে হেনস্থা করতেন।
ইন্দ্রাক্ষীর আরও দাবি, উজ্জ্বল নাকি ‘কুমকুম ভাগ্য’-এর অভিনেত্রীকে হুমকিও দিয়েছিলেন। এমনকি, মারধরের হুমকিও নাকি দিয়েছিলেন। ইন্দ্রাক্ষীর কথায়, “মানসিক নির্যাতন এতটাই বেড়ে গিয়েছিল যে, সঞ্চিতার শরীর খারাপ হতে শুরু করে। ও অবসাদ ও উদ্বেগের সমস্যাতেও ভুগছিল।”
তবে এই অভিযোগগুলির এখনও কোনও প্রমাণ মেলেনি এবং ইন্দ্রাক্ষীর করা নির্দিষ্ট অভিযোগ নিয়ে উজ্জ্বল শর্মা প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়াও দেননি।