Shoot Coverage Of Bangladeshi Movie Prince

কলকাতায় শাকিব খান! জোরকদমে ‘প্রিন্স’-এর শুটিং চলছে আলিপুর জেল থেকে হাওড়া চত্বরে, রইল ছবি

শ্রীলঙ্কার পর কলকাতায় শুটিং চলছে বাংলাদেশের ছবি ‘প্রিন্স’-এর। বাইকে চেপে বৌবাজারে ঘুরতে দেখা গিয়েছে শাকিবকে। সেই ছবি আনন্দবাজার ডট কম-এর হাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬
শাকিব খান যখন ‘প্রিন্স’।

শাকিব খান যখন ‘প্রিন্স’। ছবি: ফেসবুক।

চুলে লালচে আভা, রুখু ভাব। হাওয়ায় অবিন্যস্ত। মুখে ঘন দাড়ি-গোঁফ। দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা! বুক খোলা জিন্‌সের জ্যাকেটের ভিতর থেকে ফুলছাপ শার্টের উঁকিঝুঁকি। বাইকে চেপে বৌবাজারের মাধো ভবনের বাইরে পা রাখতেই পথচারীদের চোখ কপালে! কলকাতার রাস্তায় শাকিব খান! শহর জুড়ে যেন শাকিবের মরসুম! নায়কের পিছনে ক্যামেরা ছুটছে। কখনও তিনি অ্যাকশন দৃশ্যে। কখনও বাইকে চেপে স্টান্ট দিচ্ছেন। তাঁকে ঘিরে দুই নায়িকা তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুন্ডু। আর লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মতো টলিউডের এক ঝাঁক অভিনেতা। শ্রীলঙ্কায় শুটিংয়ের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শহরে নিঃশব্দে শুটিং চলছে পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ইদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’র। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল হয়ে ভারতলক্ষ্মী স্টুডিয়ো— সর্বত্র শাকিব খানের গতিবিধি। খবর, কলকাতার পর টিম উড়ে যাবে হায়দরাবাদে।

Advertisement
বৌবাজারে শুটিংয়ের সময় শাকিব খান।

বৌবাজারে শুটিংয়ের সময় শাকিব খান। ছবি: সংগৃহীত।

শাকিব খানের এই ছবির খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। কলকাতার শুটিং পর্বের কিছু ছবি প্রথম প্রকাশ্যে এখানেই।

সম্ভবত ৯ ফেব্রুয়ারি থেকে টিম নিয়ে সারা রাত ধরে শুটিং চলেছে। শোনা যাচ্ছে, ও পার বাংলার নব্বইয়ের দশকের ত্রাস ‘কালা জাহাঙ্গীর’কেই নাকি পর্দায় ফোটাতে চলেছেন শাকিব। এক ভালমানুষ কী করে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠবেন, দেখাবে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। তারই টুকরো অংশ, কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয় হাওড়ায়।

১১ ফেব্রুয়ারি, বৌবাজারের মাধো ভবন। মধ্য কলকাতার ক্রসিংয়ে বিশাল এলাকা জুড়ে অবস্থিত হাল্কা হলুদ রঙের বাড়িটির গায়ে সময়ের পলি। ঔজ্জ্বল্য হারিয়ে কিঞ্চিৎ ফ্যাকাশে। ভবনের সিংহদ্বারের দু’পাশে হরেক কিসিমের দোকান। সকাল থেকে ওই ভবন ধোঁয়ায় আবছা। কৌতূহলী পথচারী খানিক দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করছেন। কাজের তাড়ায় তার পরেই হনহনিয়ে এগিয়ে গিয়েছেন গন্তব্যে। হঠাৎ, জোরালো কণ্ঠে হাঁক, ‘অ্যাকশন’! ধীরে ধীরে ধোঁয়া ফুঁড়ে বেরিয়ে এল একটি বাইক। যিনি বসে, তাঁকে দেখলেই মনে হবে, আর পাঁচজন সাধারণের মতো তিনি নন। কেউ খেয়াল করেনি, ওই ‘অ্যাকশন’ হাঁক শুনেই ভিড় জমেছে বাইকারোহীর পিছনে! তিনি দর্শকের দিকে মুখ ফেরাতেই অস্ফুট গুঞ্জন, দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান!

মাধো ভবনে শুটিংয়ের ফাঁকে খলনায়কেরা।

মাধো ভবনে শুটিংয়ের ফাঁকে খলনায়কেরা। ছবি: সংগৃহীত।

কলকাতা সজাগ হওয়ার আগে টিম ঘিরে নিয়েছিল নায়ককে। তিনি আবার মাধো ভবনের অন্দরে অদৃশ্য।

এটা শাকিব খান পর্ব। শাকিবকে যিনি অন্ধকার দুনিয়ায় নিয়ে আসবেন, তিনি কে জানেন?

টলিউডের সিনেমা এবং সিরিজ় যাঁকে ছাড়া অসম্পূর্ণ, তিনি সেই লোকনাথ দে। পর্দায় তিনি শাকিবের সহচর। মাথার চুল উল্টে আঁচড়ানো। পিছনে লম্বা বিনুনি! পরনে কালো শার্ট আর কালো সিল্কের লুঙ্গি। কপালে লাল তিলক। শাকিব অভিনীত ‘তুফান’ ছবিতেও লোকনাথ ছিলেন নায়কের ডান হাত।

পিয়ান সরকার।

পিয়ান সরকার। ছবি: ফেসবুক।

কলকাতার বাকি অভিনেতাদের কী ভাবে পর্দায় দেখা যাবে? খবর, ছবিতে পিয়ান সরকার নাকি নানা ঘাত-প্রতিঘাতে হয়ে উঠবেন লেডি ডন।

ছবিতে ক্যামেরার কাজ সামলাচ্ছেন বলিউডের অমিত রায়, শৈলেশ অবস্থী। রণবীর কপূর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির চিত্রগ্রাহক ছিলেন অমিত। শ্রীকান্ত মোহতা, অশোক ধনুকার মতো কলকাতার প্রথম সারির প্রযোজকদের ছবিতে ক্যামেরা সামলেছেন শৈলেশ। অ্যাকশন আর রোমান্সে ভরপুর প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা ছবির প্রযোজক শিলিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস)।

Advertisement
আরও পড়ুন