Peddi Update

ক্যানসার ধরা পড়ায় ছাড়তে চান রাম চরণের ছবি! ‘ওঁরা অপেক্ষা করেন’, আবেগপ্রবণ শিব রাজকুমার

৪ জুন ছবিটি মুক্তি পাওয়ার আগে জোরকদমে প্রচারপর্ব চলছে। সম্প্রতি, তেমনই এক অনুষ্ঠানে এসে শিব জানান, এই ছবিতে কাজ শুরুর সময়েই তাঁর ক্যানসার ধরা পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৪:৫০
‘পিদ্দী’র প্রচারে রাম চরণ ও শিব রাজকুমার।

‘পিদ্দী’র প্রচারে রাম চরণ ও শিব রাজকুমার। ছবি: পিটিআই।

মুক্তির অপেক্ষায় বুচি বাবু সানা পরিচালিত ‘পিদ্দী’। রাম চরণ, জাহ্নবী কপূর অভিনীত এই ছবিতে দেখা যাবে কন্নড় তারকা শিব রাজকুমারকেও। সম্প্রতি চেন্নাইয়ে ছবির প্রচারে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। শিব জানান, ক্যানসার ধরা পড়ার পরে এই ছবি থেকে সরে যেতে চেয়েছিলেন তিনি। তার পরে কী হল?

Advertisement

৪ জুন ছবিটি মুক্তি পাওয়ার আগে জোরকদমে প্রচারপর্ব চলছে। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে এসে শিব জানান, এই ছবিতে কাজ শুরুর সময়েই তাঁর ক্যানসার ধরা পড়ে। ফলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কাজটি ছেড়ে দেবেন। কিন্তু, নির্মাতারা তা হতে দেননি। অপেক্ষা করেন অভিনেতার। শিব বলেন, “ওঁরা আমাকে নিয়েই ছবিটি করতে চেয়েছিলেন। বুচি বাবু যখন আমাকে চিত্রনাট্য শোনান, তখন আমার বিষয়টা বেশ মনে ধরে। আমি সে দিনই রাম চরণের সঙ্গেও কথা বলি। তার পরে, দুর্ভাগ্যবশত, আমার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য আমেরিকা যেতে হয়।”

তিনি যোগ করেন, “কিন্তু, ওঁরা আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমি ভেবেছিলাম যে, কাজটা ছেড়ে দিই। কিন্তু, বুচি বাবু বলেন, ‘না। আমরা তোমাকেই চাই।’ খুব আন্তরিক সেই আবদার। আর দীর্ঘ সময় ওঁরা আমার জন্য অপেক্ষা করেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যর। খুব সুন্দর ছিল এই ছবির সফর।”

অনুষ্ঠানে শিব রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ হন রাম চরণও। তিনি বলেন, “যখনই উনি (শিব রাজকুমার) পর্দায় আসেন, আশপাশ আলোকিত হয়ে ওঠে। আমি শুধুমাত্র ওঁর চরিত্রের জন্যই যে ‘জেলার’ কতবার দেখে ফেলেছি। ওঁর চোখ কথা বলে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্যানসার আক্রান্ত হয়ে মূত্রাশয় অপসারণের জন্য আমেরিকার এক হাসপাতালে অস্ত্রোপচার করান শিব রাজকুমার। তাঁর অন্ত্রের একটি অংশ ব্যবহার করে কৃত্রিম মূত্রাশয় তৈরি করা হয়। পরে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, রোগ ধরা পড়ার আগেই তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরিবার, অনুরাগী এবং চিকিৎসকদের সমর্থন তাঁকে লড়াই করার শক্তি জুগিয়েছে। আপাতত তাঁর বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায়।

Advertisement
আরও পড়ুন