Shraddha Kapoor

প্রেম ভেঙেছে দু’জনের, দেখা হতেই আলিঙ্গন শ্রদ্ধা-আদিত্যের, কী কথা হল কানে কানে?

চলতি বছর প্রেম ভেঙেছে শ্রদ্ধা-আদিত্যের। এর মাঝে দেখা হতেই অভিনেত্রীকে কী বললেন আদিত্য?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৫
বৃষ্টিভেজা সন্ধ্যায় দেখা হল শ্রদ্ধা-আদিত্যের।

বৃষ্টিভেজা সন্ধ্যায় দেখা হল শ্রদ্ধা-আদিত্যের। ছবি: সংগৃহীত।

বলিউডে নায়ক ও নায়িকা হিসাবে তাঁদের পথচলা শুরু একে অপরের হাতে হাত রেখে। প্রথম ছবি থেকেই দর্শকের নজরে পড়েছিল তাঁদের রসায়ন। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার নেপথ্যেও তাঁদের ‘আশিকি’ নিয়ে গুঞ্জন শোনা যেত বলিপাড়ার অন্দরে— আদিত্য রায় কপূর ও শ্রদ্ধা কপূর। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি ২’। ২০১২ সালে শুরু হয়েছিল সেই ছবির কাজ। শোনা যায়, ছবির সেটে একসঙ্গে কাজ করাকালীন নাকি প্রেমে পড়েছিলেন আদিত্য ও শ্রদ্ধা। ছবিতে ধরা পড়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন। পর্দার প্রেম বাস্তবে গড়ালেও মাত্র দু’বছরের মধ্যেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। তার পর প্রায় এক দশক কেটে গিয়েছে। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য। অন্য দিকে, সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের কানাঘুষো শোনা যায় বলিপাড়ায়। চলতি বছর দু’জনেরই প্রেম ভেঙেছে বলে গুঞ্জন। এর মাঝেই ফের দেখা হল আদিত্য-শ্রদ্ধার। শ্রদ্ধার কানে কানে কিছু কি বললেন আদিত্য?

Advertisement

গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি মুম্বই শহরে। এমনই এক বৃষ্টিভেজা সন্ধ্যায় দেখা আদিত্য-শ্রদ্ধার। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর পয়লা নম্বর অভিনেত্রীর হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছেন শ্রদ্ধা। এ দিকে, পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আদিত্য। দুই তারকার মাথায় ছাতা ধরা। ক্যামেরার সামনে পোজ় দিচ্ছিলেন শ্রদ্ধা। পিছনে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাঁকে দেখছেন আদিত্য। পিছন ফিরতেই প্রাক্তন প্রেমিককে দেখে হেসে ওঠেন শ্রদ্ধা। একে অপরকে আলিঙ্গন করেন। নেটাগরিকদের দাবি, এমন বৃষ্টিভেজা সন্ধ্যায় শ্রদ্ধাকে দেখে ‘আশিকি ২’-র স্মৃতি নাকি তাজা হয়ে ওঠে আদিত্যের। শ্রদ্ধাকে দেখা মাত্রই ‘আরোহী’ নামে ডাকেন। ‘আশিকি ২’ ছবিতে শ্রদ্ধার চরিত্রের নাম সেটি। এমন একটা মুহূর্তে তাঁদের দেখে আবেগাপ্লুত তাঁদের অনুরাগীরাও।

Advertisement
আরও পড়ুন