Alka Yagnik

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অলকা যাজ্ঞিক! সহগায়িকার জন্য কী বার্তা শানু ও শানের?

পদ্মসম্মান গ্রহণ করার পরে দীর্ঘ পোস্টে অলকা জানিয়েছেন, গত দু’বছর ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। সে কারণেই জনসমক্ষে আসেননি। অলকাকে কী বললেন শান ও শানু?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:৪৬
অলকাকে নিয়ে উদ্বিগ্ন শান ও শানু!

অলকাকে নিয়ে উদ্বিগ্ন শান ও শানু! ছবি: সংগৃহীত।

২০২৪ সালে অলকা যাজ্ঞিকের কণ্ঠ হঠাৎ থমকে যায়। নিজেই ঘোষণা করেছিলেন গায়িকা। জানিয়েছিলেন, বিমান থেকে নামার পরেই তিনি শ্রবণশক্তি হারান। এর জেরে সঙ্গীত থেকে দূরে সরে যান তিনি। মঙ্গলবার পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করা হয় অলকাকে। অনুষ্ঠানে তাঁকে দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। কেমন আছেন, জানিয়েছেন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁর সমসাময়িক অন্য শিল্পীরাও।

Advertisement

পদ্মসম্মান গ্রহণ করার পরে দীর্ঘ এক পোস্টে অলকা জানিয়েছেন, গত দু’বছর ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। সে কারণেই জনসমক্ষে আসেননি। নিজেকে আড়ালে রেখেছেন গত দু’বছর ধরে। বর্তমানেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলেই জানিয়েছেন। তাই নিজেই পোস্টে লিখেছেন, ‘‘সামনে দীর্ঘ পথ পেরোতে হবে আমাকে।’’ একসময়ে যে গায়িকার সুরের মূর্ছনায় ভাসতেন শ্রোতারা, তাঁর এমন মন্তব্য দেখে ভেঙে পড়েছেন অনুরাগীরা। সমসাময়িক শিল্পীরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। গায়ক শান এই পোস্টের মন্তব্যে লেখেন, “পদ্মসম্মানের জন্য আপনি সবচেয়ে যোগ্য শিল্পী অলকাজি! আপনিই আমাদের গর্ব ও আনন্দ! আপনি আবার সুস্থ হয়ে উঠবেন, আবার আত্মবিশ্বাসের সঙ্গে ফিরে আসবেন এবং আগের মতো গাইবেন। এই দিনের অপেক্ষায় অনুরাগীরা। এই দিনটাই তাঁদের সন্তুষ্ট করবে।”

কুমার শানুও একই ভাবে বলেছেন, “আপনি এই সম্মানের যোগ্য অধিকারী। ঈশ্বর আপনার মঙ্গল করবেন।” আকৃতি কক্কড় মন্তব্য করেছেন, “আপনিই রানি। এই সম্মানের যোগ্য আপনি। আপনার মুখে হাসি লেগে থাকুক এবং সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ইলা অরুণ, সুদেশ ভোসলে, বীর পাহাড়িয়া, ভূমি পেডনেকরও অলকাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন।

ভাইরাল সংক্রমণের জন্য শ্রবণশক্তি হারিয়েছিলেন অলকা যাজ্ঞিক, যার জন্য বন্ধ হয় গান গাওয়াও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। সেই জন্যই এখনও তিনি কাজে ফিরতে পারেননি। গায়িকা কিছু দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “গীতিকার ও সুরকারেরা প্রায়ই আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি এখন গাইতে পারছি না।”

উল্লেখ্য, কী ভাবে শ্রবণশক্তি হারিয়েছিলেন অলকা? ২০২৪ সালে একটি বিবৃতির মাধ্যমে বর্ষীয়ান গায়িকা জানিয়েছিলেন, বিমান থেকে নামার সময়ে তাঁর মনে হয়, তিনি কানে কিছুই শুনতে পাচ্ছেন না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারেন, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি। এই সমস্যার কারণে তাঁর শ্রবণশক্তি হ্রাস পায়। তার পর থেকে কণ্ঠও থমকে গিয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন