Update Of Sourav Ganguly's Biopic Shooting

মার্চে নয়! পিছিয়ে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং? কবে, কোথায় শুট শুরু হবে?

ঠিক ছিল, কলকাতার ইডেন গার্ডেন্সে রাজকুমার রাওয়ের শুটিং দিয়ে ছবির কাজ শুরু হবে। খবর, সেটা নাকি হচ্ছে না!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৫:৫৮
পিছিয়ে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং?

পিছিয়ে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং? ছবি: ফেসবুক।

পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং? শোনা যাচ্ছিল, ১৬ মার্চ থেকে শুট শুরু হতে পারে। কারণ, তত দিনে টি ২০ বিশ্বকাপ শেষ। সোমবার ঘনিষ্ঠ সূত্রের খবর, চলতি মাস থেকে শুটিং শুরু হবে না ছবির। সব ঠিক থাকলে এপ্রিলে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে শুরু করতে পারেন তাঁর আগামী ছবির কাজ।

Advertisement

মার্চের মাঝামাঝি শুটিং শুরু, এই খবরের পাশাপাশি এ-ও শোনা গিয়েছিল, কলকাতার ইডেন গার্ডেন্স দিয়ে শুট শুরু করবেন পরিচালক। আগাম প্রস্তুতি হিসাবে কলকাতায় চলে আসবেন রাজকুমার রাও। তাঁকে সৌরভের ভূমিকায় বড়পর্দায় দেখা যাবে। তিনি কয়েকটি দিন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে থাকবেন। ‘দাদা’কে কাছে থেকে দেখবেন। তার পর শুটিং শুরু করবেন। শোনা যাচ্ছে, সেটিও নাকি পিছিয়েছে। রাজকুমার সম্ভবত এখন কলকাতায় আসছেন না।

তা হলে কবে থেকে শুটিং? শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে এক মাস পরে, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে শুটিং শুরু হতে পারে। এবং সেই শুটিং সম্ভবত হবে মুম্বইয়ে। কারণ, কলকাতার ইডেনে তখন আইপিএল-এর ম্যাচ চলবে। প্রসঙ্গত, একদম প্রথমে শুটিংয়ের সময়সূচি নাকি এ রকমই বানিয়েছিলেন ছবির প্রযোজক লাভরঞ্জন এবং পরিচালক বিক্রমাদিত্যের টিম। মাঝে হঠাৎ সেই সময়সূচির পরিবর্তন ঘটে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগে মুম্বই-সহ অন্যত্র শুটিং হবে। পরে শুটিং হবে কলকাতায়।

শুটিং পিছিয়ে যাওয়া নিয়েও নানা মুনির নানা মত। কেউ বলছেন, শেষমুহূর্তে প্রোডাকশনের কিছু কাজে দেরি হওয়ার কারণে পিছিয়ে যাচ্ছে শুটিং। অন্দরের খবর, প্রযোজক-পরিচালকের ইচ্ছা, আরও একটু সময় নিয়ে, আরও সব কিছু গুছিয়ে তার পর শুট শুরু করা। এতে শুটিং শুরু হওয়ার পর নতুন সমস্যা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এ বিষয়ে কী বলছেন বাংলার ‘মহারাজ’ বা তাঁর টিম? তাঁদের সঙ্গে যোগাযোগ করে হলে বিষয়টি নিয়ে মুখে কুলুপ প্রত্যেকের।

Advertisement
আরও পড়ুন