Sohini Sarkar New Series

নতুন সিরিজ়ে জুটিতে সোহিনী এবং রুকমা? কার পরিচালনায় দেখা যাবে দুই নায়িকাকে?

শোনা যাচ্ছে, এই নতুন ওয়েব সিরিজ়ে রয়েছেন একগুচ্ছ তারকা। জোরকদমে শহরের বিভিন্ন প্রান্তে চলছে শুটিং। সিরিজ়ের নাম ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৯:১৩
একই সিরিজ়ে সোহিনী এবং রুকমা?

একই সিরিজ়ে সোহিনী এবং রুকমা? ছবি: সংগৃহীত।

একই ওয়েব সিরিজ়ে দুই নায়িকা? টলিপাড়ার অন্দরের ফিসফাস এ বার একই সিরিজ়ে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকার এবং রুকমা রায়কে। নতুন সিরিজ় ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’-এর শুটিং নাকি শুরু করেছেন পরিচালক অয়ন চক্রবর্তী। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি।

Advertisement

শোনা যাচ্ছে, এই নতুন ওয়েব সিরিজ়ে রয়েছেন একগুচ্ছ তারকা। জোরকদমে শহরের বিভিন্ন প্রান্তে চলছে শুটিং। সিরিজ়ের নাম যেহেতু ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’, ফলে কিছুটা আন্দাজ করতে পারা যায় যে, অপরাধ এবং পুলিশি তদন্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। ‘হইচই’-এর জন্য নাকি নতুন সিরিজ় তৈরি করছেন অয়ন। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাঁর মুখে কুলুপ।

শুধু সোহিনী আর রুকমা নয়, এ ছাড়াও নাকি নতুন সিরিজ়ে দেখা যাবে ইন্দ্রাশিস রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেক অভিনেতাকে। প্রসঙ্গত, কিছু মাস আগে রুকমাকে এমনই এক ‘ক্রাইম থ্রিলার’ ঘরানার কাহিনিতে ছোটপর্দায় দেখা গিয়েছিল। যেখানে ঋষি কৌশিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রহস্য উদ্‌ঘাটন করতে দেখা গিয়েছে তাঁকে। অপরাধীদের ধরতে দেখা গিয়েছে।

সম্ভবত, নতুন সিরিজ়েও এমনই এক রূপে দেখা যাবে অভিনেত্রীকে। অন্য দিকে সোহিনীর নতুন কাজের পাশাপাশি শোনা গিয়েছে তিনি নাকি শীঘ্রই মা হতে চলেছেন। তবে এখনই এই বিষয়েও কোনও কিছু খোলসা করতে রাজি নন অভিনেত্রী। খবর, সোহিনী এবং তাঁর স্বামী শোভন গঙ্গোপাধ্যায় নাকি এই মুহূর্তগুলো পরতে পরতে উপভোগ করছেন। এর মধ্যে অবশ্য বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি।

Advertisement
আরও পড়ুন