‘প্রতীজ্ঞা’ ধারাবাহিক শুরু হবে বলে কি বন্ধের পথে পুরনো কোনও কাহিনি? ছবি: সংগৃহীত।
টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, মাত্র কয়েক মাসেই বন্ধ হতে চলেছে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিক। সম্প্রতি, রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারের নতুন ধারাবাহিক ‘প্রতীজ্ঞা’র ঘোষণা হয়েছে। তার মধ্যেই টলিপাড়ার অন্দরে আলোচনা শুরু। ছোটপর্দায় নাকি অনেক কিছু অদল-বদল হতে চলেছে। সত্যিই কি মাত্র কয়েক মাসে বন্ধ হবে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায় জুটির ধারাবাহিক?
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী অলিভিয়া সরকারে সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁকে এই ধারাবাহিকে কিছুটা নেচিবাচক চরিত্রে দেখা যায়। অভিনেত্রী বললেন, “আমাদের কানেও এমন কথা এসেছে। কিন্তু, সবটাই ভুয়ো খবর। আসলে সমাজমাধ্যমে যে যা পারছে, তাই বলছে। একেবারেই এমন কিছু হচ্ছে না।”
ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে গোরা আর এলার মধ্যে প্রেমের পূর্বরাগ চলছে। পরস্পরের প্রতি অনুভূতিও তৈরি হচ্ছে। টিআরপিতে মারকাটারি নম্বর না থাকলেও গৌরব-শোলাঙ্কি জুটি নিয়ে দর্শকের একাংশ আগ্রহের শেষ নেই। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের সময় থেকে এই জুটির প্রতি অনুরাগীদের ভালবাসা তৈরি হয়েছে। তাই আচমকাই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তে কপালে চিন্তার ভাঁজ তাঁদের অনুরাগীদের। যদিও অলিভিয়ার কথায় কিছুটা স্বস্তি পাবে সবাই, এমনটাই আশা করা যায়।