Suhasini Mulay On Marriage

কখনও মা হতে চাননি, বিয়ে করেন ৬০ বছরে, মায়ের থেকে কী প্রতিক্রিয়া পেয়েছিলেন সুহাসিনী?

অভিনেত্রী সুহাসিনী মুলে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ৬০ বছরে। অবসর নেওয়ার সময় নতুন করে সংসার? শুনে কী বলেছিলেন তাঁর মা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:৪১
বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী সুহাসিনী মুলে?

বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী সুহাসিনী মুলে? ছবি: সংগৃহীত।

২২ বছরে চাকরি, ২৫ বছরে বিয়ে আর ২৮ বছরে সন্তান— জীবনের এই চেনা ছকেই এখনও বিশ্বাসী অনেকে। সেই ছক ভাঙলেই তির্যক দৃষ্টিতে দেখেন কিছু মানুষ। তবে প্রথাও ভাঙেন অনেকে। যেমন অভিনেত্রী সুহাসিনী মুলে। তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন ৬০ বছরে। অবসর নেওয়ার সময় নতুন করে সংসার? যে সময়ে অভিনেত্রী বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সময়ে কী প্রতিক্রিয়া ছিল তাঁর মায়ের?

Advertisement

তত দিনে সুহাসিনী হিন্দি চলচ্চিত্রজগতের আলোচিত মুখ। তাঁর অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। হঠাৎই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। জীবনের এই সিদ্ধান্তের কথা বলতে গিয়েই সুহাসিনী জানালেন, তাঁর মা কী বলেছিলেন? অভিনেত্রী বলেন, “মা শুনে বলেছিলেন, এমনিই তুমি অনেক দিন হাতের বাইরে বেরিয়ে গিয়েছ। আর কী বলব?” সুহাসিনী যোগ করেন, সেই বিয়ের পরে তাঁর মা বার বার জানতে চাইতেন, তাঁরা ভাল আছেন কি না।

৬০ বছরে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কী ভেবেছিলেন? সুহাসিনী বলেন, “আমার মাথায় চলত, বিয়ে করলে কী আর এমন হবে! হয়তো দেখব, একসঙ্গে থাকতে পারছি না। তখন যে যার নিজের রাস্তা বেছে নেব। ডিভোর্স দিয়ে দেব।”

তবে কখনও মা হওয়ার বাসনা জন্মায়নি তাঁর। সুহাসিনীর মতে, সন্তান আসার পরে নিজের কর্মজীবনের থেকে লক্ষ্য সরে যায়। অভিনেত্রী যোগ করেন, “ডিভোর্স হয়ে গেলে স্বামী বা বিয়ের থেকে নিস্তার পাওয়া যায়। কিন্তু সন্তানের থেকে নিস্তার পাওয়া সহজ নয়।” তাই কোনও দিনই মা হতে চাননি অভিনেত্রী। কেরিয়ারে যাতে কোনও ভাবে প্রভাব না পড়ে তার চেষ্টাই চালিয়ে গিয়েছেন বরাবর। তবে সুহাসিনী জানিয়েছেন, যাঁরা স্বামী, সন্তান নিয়ে সংসার করতে চান, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা ভুল তা বলতে চান না।

উল্লেখ্য, তাঁর প্রথম অভিনয় মৃণাল সেনের হিন্দি ছবি ‘ভুবন সোম’-এর মাধ্যমে। এর পরে সত্যজিৎ রায় ও মৃণাল সেনের ছবিতে সহকারী হিসেবে কাজও করেছেন। এর পরে কয়েকটি ছবিতে তাঁকে দেখা গেলেও দীর্ঘ দিন তিনি অভিনয়জগতে ছিলেন না। বিদেশে পড়াশোনা করেছেন। এর অনেক পরে, ১৯৯৯ সালে ‘হু তু তু’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পান। তার পরে ‘লগান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘যোধা আকবর’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সুহাসিনীকে।

Advertisement
আরও পড়ুন