Punjabi Singer Sunanda Sharma

মাঝপথে গান বন্ধ করে অনুষ্ঠান মঞ্চ ছাড়লেন এই পঞ্জাবি গায়িকা! আতঙ্কিত হয়েই কি এই সিদ্ধান্ত?

আপাতত খবরের শিরোনামে পঞ্জাবি গায়কেরা। কখনও বাদশা, কখনও হনী সিংহ। এ বার সুনন্দা শর্মা। এমন কী ঘটল তাঁর সঙ্গে যে মঞ্চ ছাড়তে হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৪:০৬
পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা।

পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা। ছবি: সংগৃহীত।

মঞ্চে হুলস্থুল! গান গাইছিলেন পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা। আচমকা মঞ্চে উঠে আসেন এক যুবক। খবর, তাঁর আচরণেই নাকি আতঙ্কিত গায়িকা গান থামিয়ে দেন। মঞ্চ ছাড়েন সঙ্গে সঙ্গে। তড়িঘড়ি পুলিশ বিষয়টি সামলালেও সুনন্দা আর মঞ্চে ফিরে আসেননি। গায়িকার তরফ থেকে ঘটনাটি সম্পর্কে এখনও কিছু জানানোও হয়নি।

Advertisement

ঠিক কী ঘটেছিল গাজিয়াবাদ আইটি প্রশিক্ষণ কেন্দ্রে? খবর, শনিবার সেখানে অনুষ্ঠান ছিল পঞ্জাবি গায়িকা সুনন্দার। তিনি ইতিমধ্যেই ‘জাট ইয়ামলা’, ‘জানি তেরা না’ এবং ‘পাগল নহি হোনা’র মতো গানের জন্য শ্রোতাদের কাছে জনপ্রিয়। এ দিনের অনুষ্ঠানের শুরুটাও খুবই সুন্দর ছিল। পরনে সাদা টি শার্ট, ঢিলেঢালা জিন্‌স। সাদামাঠা সাজেই মঞ্চে উঠেছিলেন গায়িকা। সুনন্দার গান উপভোগ করছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আচমকাই ছন্দপতন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করেই এক যুবক উঠে আসেন মঞ্চে। জড়িয়ে ধরেন গায়িকার পা। সুনন্দা তখন গাইছিলেন। থতমত খেয়ে গান থামিয়ে দেন তিনি। আতঙ্কে চিৎকার করে ওঠেন। তার পরেই মঞ্চ ছাড়েন। হতবাক যুবক তখনও মঞ্চে দাঁড়িয়ে! প্রিয় গায়িকার সঙ্গে ছবি তুলবেন বলে।

খবর, সুনন্দা মঞ্চ ছাড়ার একটু পরেই ঘটনাস্থলে পৌঁছে যান নিরাপত্তারক্ষী এবং পুলিশ। উভয়ে সরিয়ে নিয়ে যান গায়িকার অনুরাগীকে। ক্রমশ থিতিয়ে আসে উত্তেজনা। শিক্ষার্থীরা অপেক্ষা করতে থাকেন গায়িকার জন্য। কিন্তু আতঙ্কিত গায়িকা আর মঞ্চে ফেরেননি। পরে পুলিশের দাবি, সামনে থেকে সুনন্দাকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ওই যুবক। ছবি তোলার জন্যই মঞ্চে উঠে আসেন। সম্ভবত এর বেশি কিছু চাহিদা ছিল না তাঁর।

অন্য দিকে গায়িকার এক দল অনুরাগী প্রকাশ্যে এনেছেন আর একটি ঘটনা। গত বছর এমনই এক অনুষ্ঠানে এক ভক্তকে নিজে মঞ্চে ডেকে নিয়েছিলেন সুনন্দা। তাঁর সঙ্গে ছবি তুলেছিলেন। জড়িয়ে ধরেছিলেন তাঁকে। সেই মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সবার সঙ্গে। সেই গায়িকারই হঠাৎ এমন কী হল যে গান থামিয়ে মঞ্চ ছাড়লেন? প্রশ্ন তুলেছেন তাঁরা। অন্য এক দল অনুরাগীর দাবি, ইদানীং বিনোদনদুনিয়ার খ্যাতনামীদের নিরাপত্তাব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। অনুষ্ঠানে অনিয়ন্ত্রিত ভিড়কেই এর জন্য দায়ী করেছেন তাঁরা।

রবিবার বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন গায়িকা। তিনি সমাজমাধ্যমে জানান, আচমকা ঘটনাটি ঘটায় তিনি ভয় পেয়ে যান। কারণ, এরকম কিছুর জন্য প্রস্তুত ছিলেন না সুনন্দা। পরে তিনিও বুঝতে পারেন, ওই যুবক তাঁর অনুরাগী। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য এসেছিলেন। ধাতস্থ হওয়ার পর তিনি ক্ষমা করে দিয়েছেন ছাত্রটিকে। এ কথা তিনি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে। যদিও কলেজ কর্তৃপক্ষ ছাত্রটিকে কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন