তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তলপতি। ছবি: সংগৃহীত।
বিনোদনদুনিয়া থেকে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে, স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে সেই ইন্ডাস্ট্রির প্রত্যাশা বাড়ে। বিজয় তলপতির ক্ষেত্রেও সেটাই ঘটেছে। চলতি মাসের শুরুতে তাঁর সঙ্গে বৈঠক করেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্টরা। তাঁরা বিজয়কে প্রত্যেক প্রেক্ষাগৃহে নতুন ছবির জন্য রোজ পাঁচটি শো চালু করার অনুরোধ জানান। খবর, বিজয় তাতে সম্মতি জানিয়েছেন।
নতুন তামিল ছবির প্রচার এবং ব্যবসার খাতিরেই এই আবেদন, পরে সাংবাদিকদের এ খবর জানানো হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সমাজমাধ্যমেও সেই খবর প্রকাশ্যে আনা হয়। তখনই জানা যায়, রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে যে কোনও নতুন ছবির জন্য রোজ পাঁচটি করে শো চালু করার প্রস্তাব দেন তামিল সিনেমা শিল্পের সঙ্গে জড়িত বিশিষ্টরা। প্রসঙ্গত, তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭-তে নির্ধারিত ‘সি’ ফর্ম লাইসেন্সের শর্তাবলীর ১৪-এ ধারা অনুযায়ী, তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলিকে ফি-দিন নতুন ছবির চারটি করে শো দেখানোর অনুমতি ছিল। কেবলমাত্র স্থানীয় উৎসবের দিন বা সরকারি ছুটির দিনে জেলায় লাইসেন্সিং কর্তৃপক্ষ অথবা জেলা কালেক্টর এবং চেন্নাই শহরের পুলিশ কমিশনার একটি করে বিশেষ অতিরিক্ত শো দেখানোর অনুমতি দিতেন। ওই বিশেষ দিনগুলোয় বাড়তি একটি করে শো পেত সব ছবি। উৎসবের দিনগুলোয় সিনেপ্রেমীরা দেখতে পেতেন পাঁচটি শো।
সিনেমার উন্নতির জন্য বিজয়ের নতুন নিয়ম, এখন থেকে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে রোজ পাঁচটি করে শো দেখানো হবে। তবে এই বিশেষ বিধি কেবলমাত্র নতুন ছবির জন্য। নতুন ছবির জন্য নির্ধারিত পাঁচটি শো দেখানো হবে ছবিমুক্তির পরে প্রথম সাত দিন। বিজয় আরও জানিয়েছেন, ছবিমুক্তির প্রথম সাত দিন, স্থানীয় উৎসবের দিন, সরকারি ছুটির দিন, শনি ও রবিবারে পাঁচটি করে শো দেখানোর জন্য আগের মতো সরকারি ছাড়পত্র বা লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে আর আলাদা অনুমতি নিতে হবে না। স্বাভাবিক ভাবেই তামিলনাড়ুর নতুন নির্দেশিকায় খুশি তামিল সিনেমাজগৎ। তাঁরা সাধুবাদ জানিয়েছেন বিজয়ের এই নয়া পদক্ষেপকে।