Thalapathy Vijay

গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের?

একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বাবা-মায়ের ভিন্‌ধর্মের বিয়ে এবং নিজের ধর্মীয় ভাবনার কথা প্রকাশ করেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:৪৭
ভিন্ন ধর্ম নিয়ে কী মতামত বিজয়ের?

ভিন্ন ধর্ম নিয়ে কী মতামত বিজয়ের? ছবি: সংগৃহীত।

বরাবরই তিনি দক্ষিণী চলচ্চিত্র জগতের বড় তারকা। এক মাস আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। তার পর থেকেই শিরোনামে আরও বেশি করে উঠে আসছেন তলপতি বিজয়। সদ্যনির্বাচিত মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্য নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে। এমনই একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বাবা-মায়ের ভিন্‌ধর্মের বিয়ে এবং নিজের ধর্মীয় ভাবনার কথা প্রকাশ করেছিলেন।

Advertisement

‘বিস্ট’ ছবির প্রচারের সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে কথোপকথনে বিজয় তখন জানিয়েছিলেন, তাঁর পরিবারে কখনও ধর্মকে বিভেদের কারণ হিসাবে দেখা হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজয়ের এই পুরনো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

সেই কথোপকথনে পরিচালক নেলসন দিলীপকুমার ‘বিস্ট’-এর শুটিংয়ের একটি ঘটনা মনে করেন। তিনি জানান, এক দিন রাতের খাওয়াদাওয়ার পরে বিজয় কিছু ক্ষণের জন্য কোথাও চলে গিয়েছিলেন। পরে জানতে চাইলে বিজয় বলেছিলেন যে, তিনি একটি গির্জায় গিয়েছিলেন ছবির সমস্ত কলাকুশলীদে জন্য প্রার্থনা করতে।

সম্প্রতি কর্নাটকের মন্দিরে পুজো দেন বিজয়।

সম্প্রতি কর্নাটকের মন্দিরে পুজো দেন বিজয়।

এর পরেই আধ্যাত্মিকতা নিয়ে নিজের মতামত জানান বিজয়। তিনি বলেছিলেন, “গির্জায় গেলে আমি শান্তি পাই। আমি মন্দির এবং দরগাতেও গিয়েছি। সব জায়গাতেই আমি একই রকম ইতিবাচক অনুভূতি পাই।” বিজয় সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, তিনি দক্ষিণ ভারতের পিল্লাইয়ারপট্টি ও তিরুনাল্লারের মতো বিখ্যাত মন্দিরে গিয়েছেন। এ ছাড়াও ‘কাঠতি’ নামের একটি ছবির শুটিংয়ের সময়ে তিনি অন্ধ্রপ্রদেশের আমিনপীর দরগাতেও গিয়েছিলেন বলে জানিয়েছিলেন বিজয়। সর্বত্রই শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি।

বিজয় নিজের বাবা-মায়ের ধর্ম নিয়েও সেই সাক্ষাৎকারে কথা বলেছিলেন। তারকা জানিয়েছিলেন, তাঁর মা গায়িকা শোভা চন্দ্রশেখর হিন্দু এবং বাবা পরিচালক এস এ চন্দ্রশেখর খ্রিস্টান। ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। ধর্ম কখনও তাঁদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তাঁকেও স্বাধীন পরিসরে বড় করা হয়েছিল বলে জানিয়েছিলেন বিজয়। অভিনেতা আরও জানিয়েছিলেন, ছোটবেলায় পাওয়া এই শিক্ষাগুলি বড় হওয়ার পরেও তাঁর জীবনে প্রভাব ফেলেছে। নিজের পরিবারেও তিনি একই দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করেছেন বলে জানান বিজয়।

Advertisement
আরও পড়ুন