Viral Video

প্লাস্টিক বর্জ্যে ঢেকেছে পাহাড়ের কোল, তাতে শুঁড় ডুবিয়ে খাবার খুঁজছে ক্ষুধার্ত হস্তীশাবক! ভাইরাল মনখারাপ করা ভিডিয়ো

পাহাড়ের কোলে, জঙ্গলের মাঝে জমে রয়েছে আবর্জনার স্তূপ। সেখানে শুঁড় দুলিয়ে খাবার খুঁজছে খুদে হাতি। মন ভার করে দেওয়া ভিডিয়োটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৩:০৪
elephant

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্যপ্রাণ নিয়ে সমাজমাধ্যমের পাতায় বহু মানুষই নানা রচনা লেখেন। কিন্তু তার পরও প্লাস্টিকের ব্যবহার বন্ধ হওয়া তো দূরের কথা, কমও হয় না। সেই ফল শহুরে মানুষকে তেমন ভাবে ভোগও করতে হয় না বললেই চলে। কিন্তু বন্যপ্রাণের ভোগান্তি শেষ হয় না। সম্প্রতি তেমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। পাহাড়ের কোলে, জঙ্গলের মাঝে জমে রয়েছে আবর্জনার স্তূপ। সেখানে শুঁড় দুলিয়ে খাবার খুঁজছে খুদে হাতি। মন ভার করে দেওয়া ভিডিয়োটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে কর্নাটকের মালে মহাদেশ্বরা তীর্থস্থানে।

Advertisement

ভিডিয়োটি ভাইরাল হতেই হইহই রব পড়ে গিয়েছে নেটপাড়ায়। মালে মহাদেশ্বরা পর্বতটি সেখানকার সবুজের বৈচিত্র এবং হাতির বাসস্থান হিসাবে বিখ্যাত। অনেক হাতির ঘর সেটি। সেখানে এ ভাবে আবর্জনার স্তূপ জমে কী ভাবে তা ভেবে হয়রান হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। পরিবেশবিদেরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জনসাধারণের ক্ষোভের শিকার হওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাঁরা সেই অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করবেন। সেই অঞ্চলটি কারা এ ভাবে নোংরা করেছেন তাঁদেরও শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ধারে জমে রয়েছে আবর্জনার স্তূপ। সেই আবর্জনা স্তূপের অধিকাংশই ভরে রয়েছে নানা রঙের প্লাস্টিকে। সেই স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা হাতি। পেটে খিদে নিয়ে সেখানে খাবার খুঁজতে গিয়েছে হস্তীশাবকটি। কিন্তু স্বাভাবিক ভাবেই জুতসই কিছু খুঁজে পাচ্ছে না। তার পরও ছোট্ট শুঁড়টি দিয়ে প্লাস্টিক সরিয়ে খাবার খুঁজে চলেছে পুচকে হাতিটি। মনখারাপ করে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মাঞ্চ_অফিশিয়াল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। ছোট্ট হাতির কাণ্ড দেখে চোখে ভিজেছে নেটাগরিকদের।

Advertisement
আরও পড়ুন