(বাঁ দিক থেকে) তৃষা কৃষ্ণন, থলপতি বিজয় এবং সঙ্গীতা সোরনালিঙ্গম। ছবি: সংগৃহীত।
থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণন নাকি একে অপরের প্রেমে বুঁদ! তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা বিনোদনদুনিয়ায়। ইতিমধ্যেই থলপতির স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা করছেন। আলোচনার মাঝেই তৃষাকে নিয়ে চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে ঢোকেন বিজয়, পোশাকে রংমিলন্তি। তাতেই ফের গুঞ্জন শুরু, তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা? এর মাঝেই নয়া পদক্ষেপ করলেন থলপতির স্ত্রী।
আবার আদালতের দ্বারস্থ হলেন সঙ্গীতা। তাঁর আশঙ্কা, তাঁর মাথার উপর থেকে ছাদ চলে যেতে পারে। ব্রিটেনের বাসিন্দা সঙ্গীতা। ভারতে তাঁর কোনও থাকার জায়গা নেই। বিবাহসূত্রে পাওয়া বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িই একমাত্র এ দেশে তাঁর মাথা গোঁজার জায়গা। সুতরাং সেটুকু যেন তাঁর থেকে কোনও ভাবেই কেড়ে নেওয়া না হয়। এই আবেদন জানিয়েই আদালতের শরণাপন্ন তিনি। সেই সঙ্গে সঙ্গীতা ন্যায্য ও স্থায়ী খোরপোশের আবেদনও জানিয়েছেন। ওই আবেদনে সঙ্গীতা জানিয়েছেন, বিজয় নাকি তাঁকে সাবধান করেছিলেন যে, আইনি পদক্ষেপ করলে বিজয়ের পৈতৃক বাড়িতে ঠাঁই হবে না তাঁর। তাই তাঁদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীন যাতে ওই বাড়িতে সঙ্গীতা থাকতে পারেন, এই নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, আদালতের কাছে সেই বিষয়টি সুনিশ্চিত করার আবেদন তাঁর। এ দিকে থলপতি নাকি ইতিমধ্যেই স্ত্রীকে ২৫০ কোটি খোরপোশ দিতে রাজি হয়েছেন। ছেলেমেয়েদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে তাঁর, খবর এমনই।