Lynched to Death

বোঝাতে পারেননি কথা! কুলতলিতে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, কেরলের বাসিন্দার মৃত্যুতে গ্রেফতার দুই নাবালক-সহ সাত

ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে মারধরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখে ঘটনার তদন্তে নেমে শনিবার কুলতলি থানার পুলিশ আট জনকে আটক করে। সাত জনকে গ্রেফতার করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১০:৩৪

— প্রতীকী চিত্র।

চোর সন্দেহে ভিন্‌রাজ্যের এক ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনির অভিযোগ উঠল কুলতলিতে। মারধরের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। বিষয়টি সমাজমাধ্যমে দেখে সক্রিয় হয়ছে পুলিশ। শনিবার এফআইআর রুজু হয়েছে। আট জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুই নাবালক-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের রবিবার আদালতে হাজির করানো হবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে কেরল থেকে কুলতলির সানকিজাহান এলাকায় পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যক্তি। গত মঙ্গলবার সকালে তিনি স্থানীয় একটি বাজারে যান। এলাকার রাস্তাঘাট অপরিচিত হওয়ায় ভুল করে অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন তিনি। সূত্রের খবর, কেরলের বাসিন্দা ওই ব্যক্তি বাংলা জানতেন না।

অপরিচিত ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, ভাষাগত সমস্যার কারণে তিনি নিজের পরিচয় বা উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি। তার পরে তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুলতলি থানার পুলিশ। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, সে সময় তাঁদের কাছে মৃত্যু কারণ স্পষ্ট ছিল না।

তার পরে ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে মারধরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখে ঘটনার তদন্তে নেমে শনিবার কুলতলি থানার পুলিশ আট জনকে আটক করে। সাত জনকে গ্রেফতার করা হয়। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন