Thalapathy VIjay Net Worth

তৃষার সঙ্গে পরকীয়ার গুঞ্জন, প্রতারণার অভিযোগে আদালতের দ্বারস্থ স্ত্রী, কত কোটির মালিক থলপতি বিজয়?

অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে ২৫ বছরের দাম্পত্যজীবনে ভাঙন! দক্ষিণী ছবির এমন জনপ্রিয় অভিনেতার সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১১:০৭
(বাঁ দিকে) তৃষা কৃষ্ণান, (ডান দিকে) থলপতি বিজয়।

(বাঁ দিকে) তৃষা কৃষ্ণান, (ডান দিকে) থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

থলপতি বিজয় বলিউডে কোনও ছবি করেননি। শুধু দক্ষিণী ছবি করেই তাঁর পারিশ্রমিক বলিউডের তারকাদের থেকেও বেশি। তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য উন্মত্ত হয়ে ওঠেন অনুরাগীরা। মাসকয়েক আগে বিজয় থলপতির সভায় এই উন্মাদনার জেরে ঘটে যায় পদপিষ্টের ঘটনা। প্রাণ হারান বেশ কিছু মানুষ। মৃতদের পরিবারগুলিকে অর্থ সাহায্য করেন থলপতি।

Advertisement

এ দিকে অভিনয় জীবন থেকে অবসর নিয়ে পুরোপুরি রাজনীতিতে মন দিতে চান বিজয়। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন বলেও শোনা যাচ্ছে। তার আগেই তাঁর জীবনে বড় ঝড়। প্রতারণার অভিযোগ এনে ২৬ বছরের দাম্পত্যজীবনে ইতি টানতে চাইছেন থলপতির স্ত্রী সঙ্গীতা। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি এমন কাণ্ড!

থলপতি বিজয়কে ‘গোট’ (গ্রেটেস্ট অফ অল টাইম) তকমা দেওয়া হয়ে থাকে। পারিশ্রমিকের দিক থেকে সলমন, শাহরুখকে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন তিনি। জানা যায়, ছবিপিছু ১২৫ কোটি করে টাকা নেন থলপতি। কখনও কখনও সেটা ২৫০ কোটি অবধিও পৌঁছোয়! শুধু তা-ই নয়, একাধিক ব্র্যান্ড থেকেও উপার্জন আছে তাঁর। সেখান থেকে বার্ষিক প্রায় ২০০ কোটি আয় করেন। সম্পত্তি বলতে রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। চেন্নাইয়ে তাঁর সমুদ্রমুখী একটি বাংলো রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা। এ ছাড়াও রোলস রয়েস-সহ একাধিক দামি গাড়ি রয়েছে তাঁর, যার প্রতিটির দাম কোটির উপরে। শোনা যায়, তাঁর সম্পত্তির মূল্য প্রায় ৭০০ কোটি।

এদিকে বিজয় ও তাঁর স্ত্রীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই স্তম্ভিত অনুরাগীরা। বিজয়ের ভক্তদের একাংশের দাবি, তারকা এমন কিছু করতেই পারেন না। নিশ্চয়ই স্ত্রী সঙ্গীতার কোনও বিশেষ উদ্দেশ্য রয়েছে। তবে অনেকে অবশ্য সমালোচনাও করছেন। কেউ কেউ লিখেছেন, “এটা কী করলেন বিজয় আন্না? সত্যিই ওঁর জন্য কঠিন সময় আসছে।”

অনেকে আবার সঙ্গীতার বিচ্ছেদের সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। কারণ, তামিলনা়ড়ুতে নির্বাচন আসন্ন। জানা যাচ্ছে, আদালতে বিচ্ছেদ মামলাটি উঠেছে। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement
আরও পড়ুন