Akshay Khanna

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর আলোচনায় অক্ষয়, তবু কেন তাঁকে চিনতে পারলেন না বাঙালি অভিনেত্রী তিলোত্তমা?

‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকে অক্ষয় নতুন ভাবে সাফল্যের স্বাদ পেয়েছেন। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে এ হেন অক্ষয়কে নাকি চিনতেই পারেননি তিলোত্তমা সোম। নিজেই জানালেন সেই কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৬:৩৫
(বাঁ দিকে) অক্ষয় খন্না, (ডান দিকে) তিলোত্তমা সোম।

(বাঁ দিকে) অক্ষয় খন্না, (ডান দিকে) তিলোত্তমা সোম। ছবি: সংগৃহীত।

অভিনয়জগতে আসার আগে মায়ানগরীর সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খন্নার দৌলতে। তিনি বিনোদের কনিষ্ঠপুত্র অক্ষয় খন্না। তারকাসন্তান হওয়ার পরেও বলিপাড়়ায় জনপ্রিয়তার শিখরে পৌঁছোতে ব্যর্থ হন। থ্রিলার, রোম্যান্টিক কমেডি ঘরানার একাধিক ছবিতে পর পর অভিনয় করেছিলেন অক্ষয়। কিন্তু, দর্শকের মনে সে ভাবে দাগ কাটতে সক্ষম হননি। সম্প্রতি ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকে তিনি নতুন ভাবে সাফল্যের স্বাদ পেয়েছেন। ‘রহমান ডাকাত’-এর চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। আর এ হেন অক্ষয়কে নাকি চিনতেই পারেননি অভিনেত্রী তিলোত্তমা সোম।

Advertisement

অক্ষয় এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ইক্কা’ নিয়ে। ১০ জুলাই মুক্তি পাবে ছবিটি। শুধু অক্ষয় নন, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল, তিলোত্তমা সোম। এই ছবিতে অভিনয় করতে গিয়ে অক্ষয়কে নাকি চিনতে পারেননি তিলোত্তমা। সে কথা নিজেই স্বীকার করে অভিনেত্রী বলেন, ‘‘অক্ষয় আমাকে দেখে হাসলেন। আমি তাও চিনতে পারলাম না।’’ তিলোত্তমার কথায়, ‘‘এক দিন শুটিংয়ের পরে আমি বেরিয়ে যাচ্ছি। সেই সময়ে এক ভদ্রলোক সামনে থেকে এসে আমাকে দেখে হাসেন। আমি খেয়ালই করিনি যে ওটা কে। এমনি হেসে বেরিয়ে যাচ্ছিলাম। তখন অক্ষয় পিছন থেকে ‘তিলোত্তমা’ বলে ডাকেন। পিছনে ফিরি। দেখি অক্ষয় খন্না। কেন চিনতে পারিনি জানেন? কারণ, অক্ষয় হাসছিলেন। এমনিতে তো হাসেন না। ভীষণ ভাল লোক।’’

অক্ষয় হাসেন কম, কথাও বলেন কম— এমন ‘অভিযোগ’ তাঁর অনেক সহকর্মীই করেছেন। বেশ কয়েক বছর আগে অক্ষয়ের থেকে নাকি ভিন্ন ব্যবহার পেয়েছিলেন কঙ্গনা রনৌত। ‘নো প্রবলেম’ ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী জানান, অক্ষয়কে দেখে একাধিক বার কথা বলার চেষ্টা করেন তিনি। প্রথমে আলাপ জমিয়ে তার পরে নাকি প্রেমপ্রস্তাব দেওয়ারও চেষ্টা করেছিলেন। কিন্তু মন গলেনি অক্ষয়ের। কঙ্গনার কথায়, ‘‘আমি ওকে দেখে কথা বলি। একাধিক বার নানা রকমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার সঙ্গে কথাই বলল না। শুধু আমি না, অন্য কারও সঙ্গেই কথা বলল না।’’ ফলে সেই প্রেম বাস্তবায়িত হয়নি কোনওদিনই। অক্ষয় নিজে একাধিক বার জানিয়েছেন, তিনি একা ভাল রয়েছেন। বিয়ে ভাল জিনিস, তবে তিনি সেই বাঁধনে জড়াতে চান না।

Advertisement
আরও পড়ুন