গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই সফল। রবিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রসৈকতে শুটিং ছিল রাহুলের। জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। তবে শুটিং চলাকালীন, না কি শুটিং শেষে একা তিনি সমুদ্রে নেমেছিলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। নজর থাকবে সে দিকে।
সোমবার জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দিনে তিনটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর প্রথম সভা পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে। এর পর ডেবরা এবং শেষ সভা হবে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সোমবার দু’টি কর্মসূচি রয়েছে। তিনি প্রথমে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে একটি জনসভা করবেন। এর পর পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভায় একটি অভ্যন্তরীণ দলীয় বৈঠকে যোগ দেবেন। এই কেন্দ্রটি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে ওই এলাকায় সংগঠন মজবুত করতেই অভিষেকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই খবরে নজর থাকবে।
আজ দুপুরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় এই মনোনয়ন জমা দেবেন তিনি। মনোনয়নপত্র জমার কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে থাকবেন দিলীপ ঘোষও। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠৌরও। এ ছাড়া মহিষাদল এবং হলদিয়ার বিজেপি প্রার্থীরাও থাকবেন শুভেন্দুর মনোনয়ন জমার কর্মসূচিতে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
সোমবারও সংসদের বাজেট অধিবেশন চলবে। অধিবেশনের শেষ পর্যায়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং দেশে গ্যাস এবং তেলের জোগান নিয়ে আলোচনার দাবি জানাতে পারে বিরোধী দলগুলি। বিষয় দু’টি নিয়ে ফের সরগরম হতে পারে সংসদের দুই কক্ষের অধিবেশনই। আজ এই দিকে নজর থাকবে।
সাড়ে তিন হাজার সেনা, যুদ্ধবিমান নিয়ে পশ্চিম এশিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলি। আর তার পর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে এ বার স্থল অভিযানেও নামার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এই জল্পনা জোরালো হতেই ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘‘স্বাগত। তোমাদের জন্য অপেক্ষা করে আছি।’’ এই পরিস্থিতিতে অনেকেরই আশঙ্কা পশ্চিম এশিয়ায় এখনই শান্তি প্রতিষ্ঠার কোনও ইঙ্গিত নেই। পশ্চিম এশিয়ার সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও।
আইপিএলে আজ অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এটি রাজস্থানের হোম ম্যাচ। তবে খেলা হবে গুয়াহাটিতে। এ বারের প্রতিযোগিতায় আজই প্রথম ব্যাট হাতে নামতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। গত বছর এই আইপিএলেই নিজেকে প্রথম চিনিয়েছিল বৈভব। তার ঝোড়ো ব্যাটিংয় বিস্মিত হয়েছিল ক্রিকেটবিশ্ব। এ বার তার উপর অনেকটাই ভরসা করছে রাজস্থান। উল্টো দিকে চেন্নাই এ বার শুরুতেই ধাক্কা খেয়েছে। চোটের জন্য প্রথম দু’সপ্তাহ তারা পাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। গত বছর চেন্নাই এবং রাজস্থান, দু’দলই ভাল খেলতে পারেনি। পয়েন্ট তালিকায় সকলের নীচে ছিল তারা। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি করে ম্যাচ জিতেছিল দুই দল। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।