Tamilnadu Bidhan Shabha Election Result 2026

বাড়িতে উৎসব, উপস্থিত প্রেমিকা তৃষা! শুভেচ্ছায় দেবরকোন্ডা-হেমা, নায়ক থেকে ‘জন নায়কন’ বিজয়

বিজয় থলপতির অন্দরমহলেও উচ্ছ্বাস। ‘হুইসল’ বাজিয়ে নাচ পরিবারের সদস্যদের। বিনোদনদুনিয়ার শুভেচ্ছাবার্তায় ভাসছে সমাজমাধ্যম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৬:৫৭
বিজয় থলপতিকে শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণন, বিজয় দেবরকোন্ডা, হেমামালিনী।

বিজয় থলপতিকে শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণন, বিজয় দেবরকোন্ডা, হেমামালিনী। ছবি: সংগৃহীত।

দক্ষিণী বিনোদনদুনিয়ায় তাঁর রাজপাট ছিলই। রজনীকান্ত, কমল হাসন-সহ তাবড় তারকাদের মধ্যেই নিজের আলাদা পরিচয় গড়ে নিয়েছিলেন বিজয় থলপতি। রাজনীতিতেও সেই ধারা অব্যাহত। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার দল টিভিকে ১০৭টি আসন পেয়ে পিছনে ফেলেছে এডিএমকে, ডিএমকে-সহ বাকি দলগুলিকে।

Advertisement

রাজনীতিতে বিজয়ের আত্মপ্রকাশকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ অভিনেতার বাড়িতে। ছেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন, এমনই আভাস অভিনেতার বাবা এস.এ. চন্দ্রশেখরের বক্তব্যে বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের ঠোঁটে ‘হুইসল’। প্রত্যেকে বাঁশি বাজিয়ে নাচছেন। ইতিমধ্যেই বিজয়ের বাড়ির সামনে আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

খবর, ইতিমধ্যেই অভিনেতাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন। এ দিন অভিনেত্রীর জন্মদিন। সংবাদমাধ্যমে প্রকাশ, সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন তিরুপতি মন্দিরে। বিজয় এবং নিজের জন্য প্রার্থনা জানাতে। খবর, সেখান থেকেই তিনি সরাসরি চলে আসেন সদ্য রাজনীতিতে পা রাখা অভিনেতা প্রেমিকের বাড়িতে।

বেলা যত বেড়েছে ততই অভিনেতাকে ঘিরে শুভেচ্ছার ঢল। সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, ননী, টাইগার শ্রফ, কাজল অগ্রবাল, নিখিল সিদ্ধার্থ, অল্লু ভর্গেশ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার, পরিচালক বেঙ্কট প্রভু-সহ অনেকেই। বিজয় তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দৃঢ়তার সঙ্গে তাঁদের মতামত জানানোর জন্য। নির্বাচনে তারই প্রভাব পড়েছে বলে দাবি তার। হেমার মতে, “তামিলনাড়ুতে বহু বছরের দ্রাবিড় শাসনের সমাপ্তি ঘটল। নতুন প্রজন্ম বিজয় থলপতিকে বেছে নিয়েছে। তারকা থেকে সদ্য জননেতার আসনে বসা বিজয় সুনামিতে উড়ে গিয়েছে বাকি দল। বিজয়কে আন্তরিক শুভেচ্ছা।”

টাইগার লিখেছেন, “বড় জয়। নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা।” ননীর দাবি, “সমালোচিত ব্যক্তিত্বের রাজনৈতিক জয়ের মুকুটলাভ।” সিদ্ধার্থ লিখেছেন, “তামিলনাড়ুর রাজনীতিতে শক্তিশালী আত্মপ্রকাশ। পা রেখেই রাজনৈতিক আঙিনায় বড় ছাপ ফেললেন বিজয়।” পরিচালক ভেঙ্কট প্রভুও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়কে।

Advertisement
আরও পড়ুন